কামারখন্দে গরু চুরির মামলায় দুই সহযোগীসহ ইউপি সদস্য গ্রেপ্তার


ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে গরু চুরির মামলায় উপজেলার ঝাঐল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে ইউপি সদস্য কোরবান ও তার দুই সহযোগী কে গ্রেফতার করে কামারখন্দ থানা পুলিশ।
গ্রেপ্তার ইউপি সদস্য মো. কোরবান আলী উপজেলার কোনা বাড়ী গ্রামের নুর মোহাম্মাদের ছেলে। গ্রেফতার বাকি দুজন তার সহযোগী। তারা হলেন- টাঙ্গাইলের কালিহাতী থানার মোহাম্মদ আইয়ুব আলীর খানের ছেলে মো. সজিব (১৯) এবং সিরাজগঞ্জ সদর থানার কান্দাপাড়া এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে রাসেল খাঁ (২৪)।
পুলিশ জানিয়েছে, ইউপি সদস্য কোরবান আলীর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, ছিনতাই ও চুরিসহ ২৪টি মামলা রয়েছে। সবশেষ চুরির মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান।





