গানই সম্বল অন্ধ বিকাশের


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আমি এক অন্ধ, কপাল মন্দ, গুরু উপায় বলো না…। ভবের দুনিয়ায় গুরু, মা হারা আমি এক অসহায়..। গুরু উপায় কি বলোনা..। এভাবেই পথে পথে গান গেয়ে চলছে মা হারা জন্ম অন্ধ বিকাশ সূত্র ধর (১৮) এর দুঃখ গাঁথা দিনগুলো। নেই কোন বাদ্যযন্ত্র। কিনার মতোই সামর্থ্য নেই৷ কাঠের টুকরো আর প্লাস্টিকের বোতলই তার বাজনার উপকরণ।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা পৌর এলাকার চড়িয়াকোনা মহল্লার হরিবল সূত্র ধরের ছেলে বিকাশ সূত্র ধর। নিজেদের নেই কোন ভিটা৷ থাকতে হয় অন্যের বাড়িতে৷ প্রতিদিন বাজারে ঘুরে ঘুরে গান করে।
সন্তানের জন্য মা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ৷ ভালোবাসা আর মায়ার বাঁধনে তিলে তিলে বড় করেন সন্তানকে। মায়ের ভালোবাসা আর স্নেহ না পেয়ে সেই হারানো মার নামে গান করে চলেছে এতিম বিকাশ৷ গান শুনে মানুষ যা দেয় তা দিয়ে দিনের খাবার খরচ যোগাতেই কষ্ট হয় তার৷
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ৮ বছর আগে বিকাশ সূত্র ধরের মা সন্তান প্রসবের সময় মারা যায়৷ দুই বোন এক ভাই এর মধ্যে বিকাশ মেজো৷ বড় বোনের বিয়ে হয়েছে। ছোট বোন রয়েছে সাথে৷ বিকাশের মা মারা যাওয়ার পর আরেক বিয়ে করেন পিতা হরিবল সূত্র ধর। তাদের নিজস্ব কোন যায়গা নেই। থাকেন প্রতিবেশী আরেকজনের যায়গায়৷ পিতা তেমন দেখাশোনা করেন না৷ সৎমা সংসারে আসার পর থেকে তার কষ্ট আরো বাড়তে থাকে৷ সৎমা তাকে বাড়তি বোঝা মনে করে সবসময়ই বলে বিকাশ জানায়।
পিতা অনেকটা থাকতেও নাই এমন অবস্থা৷ বিকাশ জন্মের পর থেকে অন্ধ। অভাবের তাড়নায় রাস্তায় হাত পেতে ও গান শুনিয়ে যা কিছু পায় তা দিয়ে তার নিজের খরচ চালায়। বাড়িতে চলাচলের জন্য একটি হুইলচেয়ার তার জরুরি।
বিকাশ সূত্র ধর বলেন, ‘বড় কিছু কার ইচ্ছে মনে আছে। কিন্তু আমি তো অন্ধ মানুষ। প্রথমত হুইলচেয়ার আর বাদ্যযন্ত্র পেলে আমি নিজে কিছু করতে পারবো৷ আমি যাতে কিছু করে চলতে পারি ভিক্ষা না করে, তার জন্য সবার নিকট সবরকম সহায়তা চাই।’





