সিলেটে পিকআপ চাপায় শিশু শিক্ষার্থী নি*হত


তাওহীদুল ইসলাম, সিলেট থেকে: সিলেটের গোয়াইনঘাটে সারী গোয়াইনঘাট সড়কের আবদুল মহলে ডিআই পিক-আপের চাকায় পিষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম জুবায়ের আহমদ (৬)। সে আবদুল মহল গ্রামের আব্দুর রহিমের ছেলে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন, ডিআই পিক-আপের পিষ্ট হয়ে গুরুতর আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ড্রাইভার পালিয়ে গেছে। তবে পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





