কটিয়াদীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ঈদুল আযহা ঘনিয়ে আসার সাথে সাথে কোরবানির পশুর বাজার জমে উঠেছে।শুক্রবার (১৪ জুন ) কটিয়াদীর তিনটি স্থায়ী ও অস্থায়ী হাট গুলোতে ক্রেতা ও বিক্রেতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।
দিন যত ঘনিয়ে আসছে বেচাকেনা ব্যাপক জমে উঠেছে বলে জানান বিক্রেতারা। বিক্রেতারা বলছেন, এবার প্রতিটি খামারেই অনেক গরু রয়েছে। তাদের ধারণা চাহিদার চেয়ে এবার গরু বেশি। খাদ্যের দাম বাড়াতে গরু লালন পালনে খরচ বেড়েছে। কিন্তু গত বছরের চেয়ে এবার পশুর দাম তুলনামূলক কম। কিন্তু ক্রেতারা শুনালেন ভিন্ন কথা, তাদের দাবি এবার কোরবানির পশুর মূল্য গতবারের চেয়ে বেশি ।
উপজেলার বোয়ালিয়া গরুর হাট, আনন্দবাজার গরুর হাট, কটিয়াদি গরুর হাট, স্বনির্ভর গরুর হাাটসহ বিভিন্ন হাট ঘুরে দেখা যায় সারিবদ্ধভাবে রাখা কোরবানির পশুগুলো দেখতে ভিড় করছেন ক্রেতারা। হাটে সব ধরনের ও বিভিন্ন আকৃতির গরু, ছাগল ও মহিষ দেখা যায়। গরুর চাহিদার বিষয়ে বিক্রেতারা জানান, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। বড় গরুর বিষয়ে তারা বলেন- প্রতি বছরই এমনটা হয়।
ছোট ও মাঝারি গরু বেশি বিক্রি হলেও বড় গরুর চাহিদা কম থাকে। গরু ছাড়াও উপজেলার স্থায়ী অস্থায়ী পশুর হাটে খাসি, ছাগল, ভেড়া রয়েছে। কোরবানি অতি সন্নিকটে হওয়ায় ক্রেতারাও তাদের পছন্দমত পশুটি কিনছেন। আনোয়ার হোসেন খোকন নামে এক ক্রেতা জানান, তিনি বোয়ালিয়া পশুর হাট থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন।
বিক্রেতারা জানান, তাদের মধ্যে অনেকেই ব্যাংক থেকে ঋণ ও ধারদেনা করে খামারে গরু পালন করেছেন। ফলে কাঙ্খিত দামে বিক্রি করতে না পারলে ঋণের বোঝা বইতে হবে। একজন পাইকার জানান, গত বছরে যে গরুর দাম ৭০ থেকে ৮০ হাজার টাকা ছিল এ বছর সেই গরু ৯০ থেকে ১লাখ। গরুর আকার অনুযায়ী দামেও তফাত রয়েছে। হাটে স্থানীয় খামারিসহ বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা কোরবানির পশু বিক্রির জন্য নিয়ে আসছেন। হাটে র্পযাপ্ত ক্রেতা-বিক্রেতা রয়েছে। বেচাকেনা ধীরে ধীরে বাড়ছে।
ঈদ যত ঘনিয়ে আসছে, বেচাকেনাও তত বাড়ছে। ইজারাদার মাহাতাব উদ্দিন বলেন কোরবানি পশুর হাটে ক্রেতা সমাগম বেশ। ক্রেতা ও বিক্রেতারা নির্বিঘ্নে তাদের পছন্দের কোরবানির পশুটি বেচাকেনা করছেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, কটিয়াদী উপজেলার বিভিন্ন পশুর হাট গুলোতে পুলিশ প্রশাসন ও স্থানীয় ভলান্টিয়ারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





