ভোলায় ৫ ইউনিট বিদ্যুৎ বিল ৩৬ হাজার টাকা


ইয়ামিন হোসেন, ভোলা: একদিকে লোডশেডিং অন্যদিকে বিদ্যুৎ অফিসের মনগড়া বিলে অতিষ্ঠ ভোলার গ্রাহকরা। মাত্র ৫ ইউনিট বিদ্যুৎ এর বিল আসছে ৩৬২৫৫ টাকা।
সূত্রে জানাযায়, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হারুনের ছেলে হেলাল আবাসিক পল্লী বিদ্যুৎ এর মিটার সংযোগ করেন। যার হিসাব নাম্বার ৬৬০_২২২৮।
ওই মিটারে মাত্র ৫ ইউনিট বিদ্যুৎ এর বিল আছে ৩৬২৫৫ টাকা। যা দেখে দরিদ্র হেলাল হতাশ। ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বিলের কাগজ।
পল্লী বিদ্যুৎ এর গ্রাহকরা জানান, সরজমিনে এসে না দেখে এমন মনগড়া বিল করেন। আবার এই মনগড়া বিল না দিলে বা দিতে সময় হলেই লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যান বিদ্যুৎ অফিসের কর্মীরা।
অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ এর পরানগঞ্জ জোনাল অফিসের এজিএম আবদুল মালেক এর নির্দেশে এমন মনগড়া বিল হয়। আবার ভুক্তভোগী গ্রাহকদের জিম্মি করে নানান নাটকীয় ভাবে তিনি স্ট্যাম্প নিয়ে গ্রাহকদের হয়রানি করেন।
এ বিষয়ে পরানগঞ্জ জোনাল অফিসের এজিএম আবদুল মালেক বলেন, ৫ ইউনিটের মূল্য ৩৬ হাজার ২৫৫ টাকা বিল আসা এটা অনাকাঙ্ক্ষিত ভুল এবং বিল প্রস্তুতকারীকে শোকজ করা হয়েছে।





