নওগাঁ

নওগাঁয় আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, দূর্ভোগে যাত্রীরা

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ বাস চলাচল বন্ধে চরম দূর্ভোগের শিকার যাত্রীরা-নওগাঁয় অভ্যন্তরীণ ও আন্ত:জেলা রুটে বাস চলাচল বন্ধ।

বাস ও অটোরিকশা “চার্জার” শ্রমিকদের সংঘর্ষ এর জের ধরে পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ রাখা হয়েছে নওগাঁ থেকে অভ্যন্তরীণ ও আন্ত:জেলা রুটে চলাচলকারি বাস। বুধবার ১৪ সেপ্টেম্বর ভোর ৬ টারদিক থেকে বাস চলাচল বন্ধের ডাক দেয় নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। এতে চরম দূর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঘটনার ব্যাপারে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার বিকাল ৫টারদিকে নওগাঁ বাস টার্মিনাল এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে অটোরিকশা ও ইজিবাইক ‘চার্জার’ শ্রমিকরা কয়েকজন মোটর শ্রমিককে মারধর করেন।

এ ঘটনার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবিতে বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে।

এ ব্যাপারে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তফা কালিমী বাবুল বলেন, বিষয়টি নিয়ে ইতি মধ্যেই পুলিশ প্রশাসনের লোকজন উভয় পক্ষের সঙ্গে বসেছেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে আজকেই বাস চলাচল সচল হতে পারে। তবে প্রধান দাবি হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

ঘটনার প্রসঙ্গে জেলা অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল মণ্ডল বলেন, গতকাল বিকালে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে কয়েকটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় বাস পরিবহন সংগঠনের শ্রমিকরা সেখান থেকে অটোরিকশা সরিয়ে নিতে বলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আমাদের শ্রমিকরাও আহত হয়েছেন। এটা খুবই সামান্য ঘটনা। এটা নিয়ে বাস চলাচল বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি। প্রশাসনের কর্মকর্তারা উভয় পক্ষকে নিয়ে বসেছেন। আশা করছি, আজকের মধ্যেই সমস্যার সমাধান হবে।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ভোগে পড়েছেন অনেক নারী, শিশুসহ পুরুষ যাত্রীরা। অতি দ্রুত যাত্রীবাহী বাস চলাচলের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন ও মালিক, শ্রমিক নেতাদের আশুদৃষ্টি কামনা করেছেন দূর্ভোগের শিকার যাত্রীসহ সর্ব-সাধারন মানুষ।

এই বিভাগের আরও সংবাদ