মুক্তমত ও সম্পাদকীয়

বইমেলা আজ কিছুটা ফাঁকা, ছন্দহীন

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

প্রাণের বইমেলা- ধারাবাহিক মুক্তচিন্তা পর্ব ২২/ বাইশ/

এবারের বইমেলা পাঠক-লেখক-প্রকাশক-বিক্রয়কর্মীদের পদচারণায় প্রথম দিন থেকেই মুখরিত ছিল। তবে আজ বুধবার (৯ মার্চ) মেলা দেখা গেছে অনেকটাই ফাঁকা, ঢিলেঢালা, ছন্দহীন। মেলার এমন ছবি অনেকটাই অচেনা।

প্রকাশক ও বিক্রয়কর্মীরা বলছেন, বইমেলার সময় বাড়ায় লোকসমাগম কমে গেছে। সবাই ভাবছে, আরও সময় আছে শেষদিকে সময় করে যাবো। তারা আরও জানান, মেলার সময় বাড়ায় লোকসমাগমের সঙ্গে সঙ্গে বিক্রিও কিছুটা কমেছে।

দিব্য প্রকাশের রণী বলেন, এবারের বইমেলায় আজই সবচেয়ে কম দর্শনার্থী। অথচ এবারের বইমেলা প্রথমদিন থেকে আশাতীত জমে উঠলেও শেষের দিকে এসে ঝুলে গেছে মনে হচ্ছে। মেলা ১৫ দিন চলবে, এমন চিন্তা নিয়ে শুরুর দিকে অনেকে বই কিনে ফেলেছে। সময় বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে বিক্রি আগের তুলনায় একটু কম হচ্ছে। সময় বাড়ানোর কারণে হয়তো পাঠকরা মনে করছেন, সময় তো আরও আছে, আমরা শেষ দিকে যাবো। শেষের দিকে কিনব। আশায় আছি শেষটা যেনো ভালো ভালো হয়।

আজ বুধবার বইমেলায় পাঠক দর্শকের উপস্থিতি ছিল বেশ কম। প্রকাশনা সংস্থা অনন্যার বিক্রয়কর্মী নিসাত হোসেন বলেন, অন্যান্য দিনের চেয়ে আজকে মেলায় ক্রেতার উপস্থিতি হতাশাজনক। অথচ প্রথমে মেলা শুরু হওয়ার পর থেকে মানুষের সমাগম ছিল অনেক। এখন আবার সময় বাড়ানোর কারণে অনেকটা কমে গেছে। আশা করছি, শেষদিকে আবার বাড়বে।

বেহুলাবাংলার বিক্রয়কর্মী শাহাজাদ বলেন, কয়েকদিন ধরেই বিক্রি অনেকটাই কমে গেছে। তবে আজ দেখছি মেলায় পাঠক-দর্শকও তুলনামূলক কম। কাল ছুটির দিনে আশা করছি বাড়বে। মেলার সময় বাড়ায় পাঠক-দর্শক আগমন কমে গেছে। সবাই ভাবছে, সময় আছে, শেষদিকে যাওয়া যাবে।

ইত্যাদির বিক্রয়কর্মী ইশরাত বলেন, লোক সমাগম কিছু। গরমের কারণে অনেকে সন্ধ্যার দিকেই আসে। তবে অনেকে আসেন ঘোরাঘুরি, আড্ডা, সেল্ফি তুলতে।

সমধারা ৮ম কবিতা উৎসব আগামীকাল

আগামীকাল বিকেল ৩টায় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে ৮ম বারের মতো সমধারা কবিতা উৎসব-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উৎসবে ‘সমধারা সাহিত্য পুরস্কার-২০২২’ গ্রহণ করবেন কথাসাহিত্যে আনোয়ারা সৈয়দ হক ও কবিতায় কবি, সাংবাদিক ওমর কায়সার। ২০২১ সালে এই পুরস্কার গ্রহণ করেন কথাসাহিত্যে ইমদাদুল হক মিলন ও কবিতায় সরোজ দেব; ২০২০ কথাসাহিত্যে সেলিনা হোসেন ও শিশুসাহিত্যে রহীম শাহ; ২০১৯ সালে কবিতায় মৃণাল বসুচৌধুরী, ২০১৮ সালে কবি মুহম্মদ নুরুল হুদা, ২০১৭ সালে কবি নির্মলেন্দু গুণ, ২০১৬ সালে গ্রহণ করেন কবি হেলাল হাফিজ।

এবারের কবিতা উৎসবে সারাদেশ থেকে ২০০ জন অগ্রজ ও অনুজ কবি-লেখক অংশগ্রহণ করবেন। তাদের কবিতা নিয়ে প্রকাশিত হচ্ছে কবিতা সংকলন পদাবলির যাত্রা-২০২২। এছাড়া সমধারা ৮০তম সংখ্যারও মোড়ক উন্মোচন করা হবে।

উৎসবের আয়োজক সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন বলেন, সমধারা কবিতা উৎসব তরুণ কবিদের স্বপ্নবুননের আশ্রয়। শুদ্ধতাচর্চায় সমধারা ব্রতী হতে চায়, পরিশীলিত করতে চায় আমাদের কাব্যাঙ্গন। উৎসবে সাহিত্যপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

লেখক:-: সম্পাদনায়:- ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: বাংলা পোস্ট |•| প্রকাশক: বাংলাদেশ জ্ঞান সৃজনশীল প্রকাশনা |•| __ও বিশেষ প্রতিবেদক দৈনিক নয়াদেশ |•|

এই বিভাগের আরও সংবাদ