মুক্তমত ও সম্পাদকীয়

মোল্লা সালেহ’র ‘হুব্বাঞ্জলি’ : রূপকের আড়লে জীবনের প্রতিচ্ছবি

কবি, গল্পকার, অনুবাদক এবং আরও বহুমুখী প্রতিভার অধিকারী মো. আবু সালেহ লেখক নাম মোল্লা সালেহ্-র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ (২০২৬) গতকাল একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি গতকাল থেকে আজ অবধি আমার সার্বক্ষণিক সঙ্গী হয়ে আছে। বইটি কেবল কতগুলো কবিতার একটি নিছক সংকলন নয়, বরং তার চেয়ে বেশিকিছু।

কবিতাগুলো পড়া শুরু করতেই অপার মুগ্ধতায় আমি হারিয়ে যেতে থাকলাম এক ভিন্ন জগতে। যে জগৎ মূর্ত ও বিমূর্ত ভাবনার। যেখানে চেতন অথবা অবচেতন মনে স্বপ্ন, কল্পনা আর নিখুঁত বাস্তবতার মুখোমুখি মানুষকে দাঁড় করিয়ে দেয়। কবি মোল্লা সালেহ-র কবিতাগুলোর পরতে পরতে রয়েছে শিল্পের কারুকার্য। একবিংশ শতকের দ্বিতীয় দশকে লেখা কবিতাগুলোর উৎসস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল এবং সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার উলিপুর ও আড়ংগাইল গ্রাম, যেখানে কবির জন্ম ও শৈশব এবং শিক্ষাজীবনের স্বপ্নিল ও সোনালি দিনগুলো কেটেছে। ‘হুব্বাঞ্জলি’ কাব্যগ্রন্থটির প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম। ‘সাহিত্যদেশ’ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। গ্রন্থটির অনিন্দ্য-সুন্দর ও পরিপাটি প্রচ্ছদটি এঁকেছেন সোহানুর রহমান অনন্ত। মূল্য মাত্র দুইশ টাকা।

কবিগণ চিরন্তন ‘বিদ্রোহী’; তাঁরা ব্যক্তিগত জীবনদর্শনে, প্রাত্যাহিক কাজেকর্মে, মননে সারাক্ষণ ‘বিদ্রোহী’ সত্তা লালন করেন। যাপিত-জীবনের আর্থ-সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীক নানা অন্যায়-অত্যাচার, অনিয়মের বিরুদ্ধে কবিদের কলম সরব হয়ে ওঠে। কবি মোল্লা সালেহ-র ‘হুব্বাঞ্জলি’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রতিশোধের শপথ পাঠ’। এ-কবিতায় কবি সমকালীন সময়ের ক্ষমতাবান, প্রবল-প্রতাপশালী শাসকদের বিরুদ্ধে খড়গ তুলে ধরেছেন। নানা সময়ে দেশি-বিদেশি শাসকেরা এসে বাবুই পাখির মতো আমাদের শান্তির নীড়গুলো ধ্বংসস্তুপে পরিণত করেছে। বিদেশি-বেণিয়া এবং হিংস্র লুটেরা আমাদের ধন-সম্পদ, অর্থকড়ি সব নিয়ে গেছে। স্বাভাবিকভাবে সমাজ ও রাজনীতি সচেতন কবি তখন প্রতিশোধের শপথপাঠ করেন,

‘হে রক্তিম অশ্রুসিক্ত আঁখি-
তোমার প্রতিফোঁটা অশ্রুকে আমি পরিশুদ্ধ করব
ফিনকি দিয়ে পড়া গরম রক্ত দিয়ে।’
[‘প্রতিশোধের শপথপাঠ’, হুব্বাঞ্জলি]

এক অদৃশ্য চক্রবুহ্যের হাতে পরাধীন দেশের মানুষ। অভাব, দারিদ্র, রোগ-শোক তাদের নিত্যসঙ্গী। সমাজের রূঢ়-বাস্তবতার কষাঘাতে জর্জরিত প্রাত্যাহিক জীবন। তাই ব্রাত্য ও প্রান্তিক মানুষগুলো নিরন্তর টিকে থাকার সংগ্রামে ব্যস্ত। পরাধীনতার শৃঙ্গল থেকে মুক্ত হওয়ার প্রাণান্তকর প্রচেষ্ট এবং উচ্চবিত্তের দ্বারা প্রতিনিয়ত নিগৃহিত হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গেলে তারা ঘুরে দাঁড়ায়। সরল ও সাধারণ মানুষ হয়ে ওঠে একটি বিদ্রোহের বারুদ। কবির দ্রোহ এবং বিদ্রোহের আভাস পাওয়া যায় ‘প্রতিশোধ স্পৃহা’, ‘দলে যাও দর্পভরে দুর্বাঘাসের মতো’, ‘ধ্বংসের পূর্বাভাস’, ‘জীবন-যুদ্ধ’ প্রভৃতি কবিতায়। কবি লিখেছেন,

‘জীবনযুদ্ধে হয়তো হারিয়ে ফেলেছি সব
তবুও যেটুকু আছে – আত্মবিশ্বাস
তাকেই পুঁজি করে আমি ঝাঁপিয়ে পড়ব আবার
জীবন যুদ্ধে।’
[‘জীবন-যুদ্ধ’, হুব্বাঞ্জলি]

কবি মাত্রই প্রেমের পূজারি। কবি মোল্লা সালেহ-ও এর ব্যতিক্রম নন। তাঁর কবিতায় মানব মনের বিচিত্র অভিপ্সা প্রকাশিত হয়েছে। জীবাত্মা প্রতি পরমাত্মার প্রেম, স্রষ্টার প্রতি সৃষ্টির প্রেম, জন্মভূমির প্রতি ভালোবাসা-দেশপ্রেম, নর-নারী অথবা মানব-মানবীর আত্মীক ও দৈহিক প্রেম তাঁর কবিতার অন্যতম অনুষঙ্গ। তবে মানবজীবনে প্রেম নানাভাবে ধরা দেয়। কখনো সার্থকতার বার্তা মনকে প্রশান্ত করে তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থতার গ্লানি, না পাওয়া বেদনা, হৃদয়ের রক্ত-ক্ষরণ প্রভৃতি অনুষঙ্গ কবিতাগুলোকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।। এ-ধারার কবিতাগুলো হলো, ‘কেউ অপেক্ষায় থাকে না’, ‘অভিমানে চলে যাব নীরবে’, ‘পাশাপাশি তবুও দূরে’, ‘ভালোবাসা’, ‘প্রেম-বিবাগী’, ‘প্রেমাঞ্জলি’ ‘কবির বিরহ’ ও ‘আত্মসমর্পণ’ প্রভৃতি। উল্লিখিত কবিতাগুলোতে মানব-মানবীর প্রেমের বহুমাত্রিক প্রকাশ লক্ষ্য করা যায়। ‘ভালোবাসা’ কবিতায় কবি লিখেছেন,

‘যে ঘাতক নিষ্ঠুরভাবে খুন করে টাকার বিনিময়ে
সে ঘাতকও আবেগে নতজানু হয়,
অন্য কোনো এক না পাওয়া নিঠুর হৃদয়ের সামনে।’
[‘ভালোবাসা’, হুব্বাঞ্জলি]

আবার. পরক্ষণেই কবি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে গেছে। কবি ততোদিনে বুঝে গেছেন, ভালোবাস-এক অতৃপ্ত বাসনার নাম। তখন মানব-মানবীর শরীরী প্রেমের উর্ধ্বে কবি যেন এক অতিন্দ্রীয় প্রেমের সন্ধান পেয়ে গেছেন। পারস্য সাহিত্যের অমর কাব্য ‘লায়লা-মাজনুন’-এর লাইলি ও মজনু চরিত্রের পটভূমিকায় কবি বাংলা-ভাষায় নতুন করে প্রেমের আভাষ দিতে চেয়েছেন। তাই তো ‘প্রেম-বিবাগী’ কবিতায় কবি লিখেছেন,

‘মিটে গেছে আমার ভালোবাসার সাধ-
রমণীর ভালোবাসার ব্যবচ্ছেদ করে দেখেছি
ওখানে আমার কোনো সুখ নেই।’
[‘প্রেম-বিবাগী’, হুব্বাঞ্জলি]

কবি মোল্লা সালেহ’র কবিতা আমাদেরকে কাব্যিক পরমানন্দের দিকে ধাবিত করে। তাঁর প্রতিটি কবিতা বিষয় বৈচিত্র্য, জীবন-দর্শনে রয়েছে নতুনত্বে ছাপ। কবিতাগুলো একবার পড়লে আমাদের যাপিত জীবনের সুখ-দুঃখের আভাস পাওয়া যায়। প্রথম পাঠে হয় তো, পাঠকগণ আর দশটি কবিতাগ্রন্থের মতোই সাধারণ কবিতা হিসেবে গ্রন্থটিকে বিবেচনা করতে পারে। তবে, সাহিত্য-সমালোচক, অনুসন্ধানী ও বোদ্ধা পাঠকগণ সর্বদা সাধারণের মধ্যেও অসাধারণ ও অনন্য বৈশিষ্ট্যের সন্ধান করেন। নিবিড় পাঠ ও শিল্প-পরিচর্যায় কবি মোল্লা সালেহ-র কবিতার বিষয়বৈচিত্র, ছন্দ-অলংকার ও ভাষার ব্যবহারের ক্ষেত্রে অভিনব কারুকাজ এবং মৌলিকত্বের ছাপ পরিলক্ষিত হয়। বাংলা সাহিত্যের মহাকালিক অভিযাত্রায় কবিকে স্বাগত জানাই। ‘হুব্বাঞ্জলি’ কাব্যগ্রন্থে মুদ্রণজনিত ছোট ছোট অসংগতিগুলো বাদ দিলে এ-কথা দ্বিধাহীনভাবে বলা যায় যে, কবি মোল্লা সালেহ-র এই অভিষেক বাংলা ভাষা ও কবিতার ধারায় নতুন-দিগন্তের উন্মোচন করবে।

*অনন্ত পৃথ্বীরাজ
কবি ও এমফিল গবেষক
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

এই বিভাগের আরও সংবাদ