ময়মনসিংহ

শেরপুরে মাদরাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

আরফান আলী, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদরাসার সুপার আব্দুস সামাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৫ মে) বিকেলে মাদরাসা সংলগ্ন নতুন বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে কলসপাড় গ্রামের স্থানীয় বাসিন্দারা। এতে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদরাসার সুপার আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তিনি নিজস্ব লোকজন দিয়ে পকেট কমিটি গঠন, নিয়োগে ঘুষ বাণিজ্য, প্রতিষ্ঠানে মাসের পর মাস অনুপস্থিত থাকা এবং মাদরাসাকে ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করছেন বলে অভিযোগ তোলেন তারা।

এ সময় মানববন্ধনের ব্যানারে লেখা ছিল— “নালিতাবাড়ী উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, নিজস্ব লোক দিয়ে পকেট কমিটি করা, নিয়োগে ঘুষ বাণিজ্য, প্রতিষ্ঠানে মাসের পর মাস অনুপস্থিত ও প্রতিষ্ঠানকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ।”

অভিযোগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদরাসা (ইন নম্বর: ১১৩৮১৫)-এ বিজ্ঞান শাখা ও অনুমোদিত কম্পিউটার ল্যাব না থাকলেও ল্যাব সহকারী ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, বেসরকারি শিক্ষক-কর্মচারী নিয়োগ বিধির শর্ত পূরণ না করেই এসব নিয়োগ দেওয়া হয় এবং এ নিয়োগে মোটা অংকের টাকার লেনদেন হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মারজিয়া জাহান মীমকে ল্যাব সহকারী এবং মো. আব্দুল হান্নান মিয়াকে কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগকারীরা দাবি করেন, এসব পদে নিয়োগের কোনো প্রাপ্যতা ছিল না। এরপরও তারা ২০২৫ সালের জুলাই মাস থেকে সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন।

বক্তারা আরও জানান, এর আগে ২০২৫ সালের ৩ ডিসেম্বর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরবর্তীতে জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও অভিযোগ পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর তদন্ত হয়নি। সম্প্রতি একই অভিযোগ শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও পাঠানো হয়েছে বলে জানান তারা।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে মাদরাসার সুপার আব্দুস সামাদ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে এসব অভিযোগ করছে।”

অন্যদিকে ল্যাব সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত মারজিয়া জাহান মীমের বাবা মনিরুজ্জামান বলেন, “প্রায় এক বছর যাবত বেতন-ভাতা তোলা হচ্ছে। সব বিধান মেনে যদি এই নিয়োগ না হতো তাহলে তো বেতন পাওয়া সম্ভব হতো না। যারা অভিযোগ করেছেন তারা মাদরাসা কমিটিতে আসতে চেয়েছিলেন। তাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকার কারণে আসতে পারেননি। এ কারণে তারা মিথ্যা অভিযোগ করছেন।”

এ বিষয়ে মাদরাসার বর্তমান সভাপতি আসাদুজ্জামান বলেন, “যে নিয়োগগুলো হয়েছে সেগুলো আমার আগে যে সভাপতি ছিলেন তার সময়েই হয়েছে। আমি ২৫ অক্টোবর ২০২৫ সালে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করি।”

অভিযোগকারীদের পক্ষে মো. মাহমুদুল হাসান, মো. ফরজ উদ্দিন ও মো. নাজিমুদ্দিন অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন।

এই বিভাগের আরও সংবাদ