শার্শায় রাতের আঁধারে মাদ্রাসার দুটি বড় আম গাছ কেটে দিল দুর্বৃত্তরা


নাজিম উদ্দীন জনি, সিনিয়র রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গোপালপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার নিজস্ব আমবাগানের দুটি আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে মাদ্রাসার দক্ষিণ পাশে অবস্থিত প্রায় সাড়ে তিন বিঘা জমির ওই বাগানে এ ঘটনা ঘটে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির নিজস্ব জমিতে গড়ে ওঠা বাগানটিতে প্রায় ৫০টি আমগাছ রয়েছে। এসব গাছ থেকে প্রতিবছর আম বিক্রির মাধ্যমে মাদ্রাসার তহবিলে অর্থ জমা হয়। সেই অর্থ দিয়ে প্রতিষ্ঠানের অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের বই, খাতা, কলম, স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। ফলে বাগানটি শুধু আয়ের উৎস নয়, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
কিন্তু গতকাল দিবাগত রাতে কে বা কারা করাত দিয়ে বাগানের দুটি আমগাছ কেটে ফেলে। কেটে ফেলা গাছ দুটির আনুমানিক বেড় যথাক্রমে পাঁচ ফুট ও চার ফুট বলে জানা গেছে। বাগানের অধিকাংশ গাছের বেড়ও প্রায় চার থেকে পাঁচ ফুট।
মাদ্রাসার সভাপতি মো. মাহবুব আলম তুহিনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি কয়েকজন ব্যক্তি ওই বাগানের গাছ কেটে সেখানে খেলার মাঠ তৈরির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি ওই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।
অন্যদিকে, মাদ্রাসার সুপার মো. আব্দুল গফুর জানান, দীর্ঘদিন ধরেই ওই বাগানের গাছ কেটে খেলার মাঠ তৈরির ষড়যন্ত্র চলছে বলে তাঁরা জানতে পেরেছেন।
এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহৃত আয়ের উৎস এমন একটি বাগানের গাছ কেটে ফেলার ঘটনায় তাঁরা মর্মাহত।
স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদ্রাসার নিজস্ব সম্পত্তি ও অবশিষ্ট গাছপালা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।





