পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে ঘোড়াঘাট-পলাশবাড়ী সড়কের আমবাগান এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে নানা রকমের পিঠা-পুলি, পায়েস ও মুখরোচক খাবারের সমাহার ঘটে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
বিদ্যালয়ের পরিচালক মতিয়ার রহমান লাভলু বলেন, পিঠা-পুলি বাঙালির লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্য। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরতেই প্রতিবছর এ আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক জামিউল ইসলাম জাহিদ বলেন, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উৎসবে অংশ নিয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে এবং প্রতিবছর এমন আয়োজনের প্রত্যাশা জানায়।





