পদোন্নতির দাবিতে পলাশবাড়ীতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: দীর্ঘ ১২ ও ৭ বছরেও পদোন্নতি না হওয়া এবং অর্গানোগ্রাম অনুমোদনে দীর্ঘসূত্রতার প্রতিবাদে ৪ নভেম্বর বুধবার সকালে পলাশবাড়ীতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
পলাশবাড়ী জেলা আঞ্চলিক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রায় দেড় বছর আগে নতুন অর্গানোগ্রাম অনুমোদন করলেও তা এখনো আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আটকে রয়েছে। ফলে পদোন্নতি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
এ সময় সিবিএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. স্বপন সরকার ও সিবিএ জেলা সভাপতি মো. মুর্শিদ অর্থমন্ত্রী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত অর্গানোগ্রাম অনুমোদন ও দীর্ঘদিনের পদোন্নতি জটিলতা নিরসনের দাবি জানান। তাঁরা বলেন, পদোন্নতি নিশ্চিত হলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা বাড়বে এবং ব্যাংকের সেবার মান উন্নত হবে।



