জাতীয়

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। আগামী বছর সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে সাধারণ ছুটি থাকবে ১৫ দিন। এ ছাড়া নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ১৪ দিন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ১০ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলায় চৈত্রসংক্রান্তি, ১ মে মে দিবস, ১৭ মে ঈদুল আজহা, ২০ মে বুদ্ধ পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১০ অক্টোবর দুর্গাপূজার বিজয়া দশমী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন।

অন্যদিকে, নির্বাহী আদেশে সরকারি ছুটির মধ্যে রয়েছে ২৪ জানুয়ারি শবেবরাত, ৭ মার্চ শবেকদর, ঈদুল ফিতরের আগে ৮ ও ৯ মার্চ এবং পরে ১১ ও ১২ মার্চ, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ১৫ ও ১৬ মে এবং পরে ১৮, ১৯ ও ২০ মে, ১৬ জুন আশুরা এবং ৯ অক্টোবর দুর্গাপূজার নবমী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটির ১৪ দিনের মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিন। এ ছাড়া মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য পৃথক ঐচ্ছিক ছুটির তালিকাও প্রকাশ করা হয়েছে।

ঐচ্ছিক ছুটির তালিকায় মুসলিম পর্বে ছয় দিন, হিন্দু পর্বে নয় দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ছুটি রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, একজন কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ জন্য বছরের শুরুতে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করেও ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।

এ ছাড়া যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেসব প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় নিজস্ব আইনকানুন অনুযায়ী ছুটি ঘোষণা করবে।

এই বিভাগের আরও সংবাদ