কটিয়াদীতে ২৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ভোগে ২০ গ্রামের মানুষ


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গত ২৫ বছর ধরে একটি ঝুঁকিপূর্ণ সেতু স্থানীয়দের জন্য ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। মুমুরদিয়া ইউনিয়নের শিবনাথ সাহার বাজারসংলগ্ন কুড়িখাঁই নদীর ওপর নির্মিত এই সেতুটির মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন অন্তত ২০ গ্রামের মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালের দিকে সেতুটির রেলিং ও পাটাতন ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। এরপর দীর্ঘ সময়েও এটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি।
স্থানীয়রা নিজ উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে গর্ত ঢেকে কোনোমতে চলাচলের ব্যবস্থা করলেও প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এই সেতুর ওপর নির্ভরশীল বোয়ালিয়া, নামা বোয়ালিয়া, তেলিচারা, কুড়িখাঁই ও মুমুরদিয়াসহ ২০টি গ্রামের হাজারো মানুষ, স্কুল শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জরুরি রোগীবাহী যান ও কৃষিপণ্য পরিবহনেও তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী জটিলতা।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. এহেতেশামুল হক জানান, সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বরাদ্দ পেলে দ্রুত নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে। তবে দীর্ঘ আড়াই দশকেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।



