জাতীয়

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। এ সময় বঙ্গভবনের মূল ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। পরে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি বঙ্গভবনের ভেতরে প্রবেশ করে।

এদিকে, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি অনুষ্ঠানস্থলে প্রবেশের ক্ষেত্রেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

শপথ অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। একই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে এ পদটি শূন্য হয়। পরে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্যদিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বের অবসান হবে।

এই বিভাগের আরও সংবাদ