নওগাঁর ডিবির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মান্দা থানাধীন সতিহাট ঋষিপাড়া গ্রামের এক মুদি দোকানি দোকানদারির পাশাপাশি নিজ বাড়িতে গাঁজা মজুত করে মাদক ব্যবসা করে আসছেন। এ সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে ডিবির দল।
অভিযানকালে উপস্থিত লোকজনের সামনে জিতেন্দ্র নাথের (৪০) বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির সিঁড়ির নিচে বিশেষ কৌশলে রাখা কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে জিতেন্দ্র নাথের স্ত্রী পলি রানী ঋষি (৩০)কেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জিতেন্দ্র নাথ সীমান্তবর্তী এলাকা থেকে প্রতি সপ্তাহে প্রায় ২ থেকে ৩ কেজি গাঁজা ১৫ থেকে ১৬ হাজার টাকা কেজি দরে কিনে এনে ১৮ থেকে ২৯ হাজার টাকা কেজি দরে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



