কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী গড়তে সাংবাদিকদের সঙ্গে সাংসদ মোশাররফের মতবিনিময়


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটার উন্নয়ন, পর্যটন সম্ভাবনা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কুয়াকাটার পর্যটনশিল্পের উন্নয়ন, সম্ভাবনাকে কাজে লাগানো, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। সভা সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।
সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে আরও আকর্ষণীয় ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন। পর্যটকদের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা, আধুনিক অবকাঠামো, নিরাপদ ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানে জনপ্রতিনিধি, প্রশাসন, ব্যবসায়ী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভায় আরও বলা হয়, কুয়াকাটার উন্নয়ন ও পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা এবং গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শাহজান পারভেজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে কুয়াকাটা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। পরে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।



