পটুয়াখালী

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকতে মিলল বিচারক শেখ ফারহান নাদীমের সন্ধান

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সি-বিচ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে উদ্ধার হওয়ার পর তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

জানা গেছে, শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে তিনি বাসার উদ্দেশে বের হন। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। কিন্তু ওই দিন বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন।

দুই দিনেও তার কোনো সন্ধান না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকেই তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে।

এদিকে, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদও বিচারককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ