আকভানের প্রভাবে মাছ ধরা বন্ধ, বিপাকে রাঙ্গাবালীর জেলেরা


এম এ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। এর ফলে পটুয়াখালীর রাঙ্গাবালীসহ উপকূলের হাজার হাজার জেলে মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে ফিরেছেন।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পর থেকেই গভীর সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলারগুলো উপকূলের বিভিন্ন ঘাটে ভিড়তে শুরু করে। বর্তমানে রাঙ্গাবালীর কোড়ালিয়া, মৌডুবী, চালিতাবুনিয়া ও চরমোন্তাজসহ বিভিন্ন মৎস্যঘাট ও খালের ভেতরে শত শত ট্রলার নোঙর রাখা হয়েছে। সরেজমিনে ঘাটগুলোতে গিয়ে দেখা যায়, ট্রলার বেঁধে রেখে অলস সময় পার করছেন জেলেরা। সাগরে যেতে না পারায় বিপাকে পড়েছেন তাঁরা।
স্থানীয় জেলে মিথেল হাওলাদার ও জিসান জানান, কয়েক দিন ধরেই সাগরের পরিস্থিতি ভালো নয়। ঘূর্ণিঝড়ের খবর পেয়ে জীবন বাঁচাতে তীরে ফিরলেও টানা মাছ ধরা বন্ধ থাকলে সংসার চালানো ও মহাজনের দাদনের টাকা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। কোড়ালিয়া ঘাটে নোঙর করে থাকা জেলে জুলহাস চৌকিদার বলেন, ‘দুই দিন ধরে সাগর ও নদী উত্তাল থাকায় ঘাটেই বসে আছি; বেশি দিন এমন চললে তো ধারদেনা হয়ে যাবে।’
ট্রলার মালিক রায়হান মৃধা জানান, ‘এ বছর আবহাওয়া একটু বেশি খারাপ হওয়ায় আমাদের ট্রলার মালিকদের ক্ষতি বেশি হয়েছে। ট্রলার ঘাটে বসিয়ে রেখেই মাঝিমাল্লাদের বেতন দিতে হচ্ছে।’ কোড়ালিয়া মৎস্য সমিতির সভাপতি জহির হাওলাদার বলেন, ‘কয়েক দিন পরপর বৈরী আবহাওয়া ও নতুন ঘূর্ণিঝড়ের কারণে সব ট্রলার ঘাটে নোঙর করতে বাধ্য হওয়ায় জেলেরা ক্ষতির মুখে পড়েছেন।’
রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আমীর হামজা জানান, বৈরী আবহাওয়ায় সব ট্রলার ঘাটে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে জেলেরা আবার সাগরে ফিরবেন। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে জেলেদের খোঁজখবর রাখছি
এবং সতর্ক করছি।’
এদিকে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।





