ময়মনসিংহ
৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ


ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে সামনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।



