খুলনা

উপকূলে জলবায়ু-সহনশীল কৃষির বার্তা, বটিয়াঘাটায় ৩৮ জাতের দেশীয় আমন ধানবীজ বিতরণ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনার বটিয়াঘাটা উপজেলায় জলবায়ু-সহনশীল কৃষি ও দেশীয় ধানবীজ সংরক্ষণে ৩৮টি স্থানীয় আমন ধানের জাত কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) উপজেলার গাঙ্গারামপুর দুর্গামন্দির চত্বরে লোকজ ও গঙ্গারামপুর কৃষক সংগঠনের উদ্যোগে ‘আমন ধান বীজ বিতরণ-২০২৬’ কর্মসূচির আওতায় এ বীজ বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপজেলার ছয়টি ইউনিয়নের ১২টি গ্রামের ৩২ জন কৃষকের মধ্যে মোট ৭০ কেজি বীজ বিতরণ করা হয়। বিতরণ করা জাতগুলোর মধ্যে ছিল রানীস্যালট, বেনাপোল, ঘুনশী, আরুণি, বাঁশফুল বালাম, মরিচশাইল, কুমড়াগোড়, রুপেশ্বর, যাযিনীমোটা, মন্তেশ্বর, কলমীলতা, আলোসহ ৩৮টি দেশীয় আমন জাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকজের সমন্বয়কারী পলাশ দাশ, কর্মসূচি কর্মকর্তা মিলন কান্তি মণ্ডল ও দিপংকর কবিরাজ, গঙ্গারামপুর কৃষক সংগঠনের সভাপতি বিষ্ণুপদ রায়, সাধারণ সম্পাদক আরুনি সরকার এবং নজরুল ইসলাম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের কৃষি ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে স্থানীয়ভাবে অভিযোজিত দেশীয় ধানবীজ সংরক্ষণ, বিনিময় ও সম্প্রসারণ কৃষকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লোকজ জানায়, কৃষক-নেতৃত্বাধীন কৃষি উন্নয়ন, দেশীয় বীজ সংরক্ষণ, জলবায়ু অভিযোজন ও টেকসই কৃষি ব্যবস্থার প্রসারে তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর স্থানীয় কৃষকদের মধ্যে দেশীয় বীজ সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় ও বিতরণ করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ