সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নিহত ১, দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার কয়রায় সুন্দরবনের গভীরে কোস্ট গার্ডের অভিযানে রাতভর গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামসহ দুজন গুলিবিদ্ধ অবস্থায় আটক হন। শুক্রবার পর্যন্ত সুন্দরবনের ময়দাফেসা খাল এলাকায় বাহিনীর চিরুনি অভিযান চলছিল।
নিহত শওকত সরদার (৬০) কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা। আহত রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তেঁতুলতলার চর এলাকা থেকে পালিয়ে আসার সময় বাহিনীর আরেক সদস্য ইসরাফিল হোসেনকে স্থানীয়রা ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন।
স্থানীয়দের দাবি, শওকত সরদারকে দস্যুরা জিম্মি করে রেখেছিল এবং গোলাগুলির সময় তিনি নিহত হন। অপহরণ থেকে পালিয়ে আসা এক বনজীবীও দাবি করেছেন, শওকতকে দস্যুদের হয়ে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, দস্যুরা আগে গুলি চালালে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। অবৈধ অস্ত্র উদ্ধার এবং পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



