যৌতুকের মামলায় কনটেন্ট ক্রিয়েটর রাহীর জামিন


স্ত্রীর করা যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত আপসের শর্তে ৫০০ টাকা মুচলেকায় জামিনের আদেশ দেয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ।
গত ৮ মার্চ আদালতে রাহীর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুস্পিতা। আদালত আসামিকে ১৫ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করে। তবে ১৫ এপ্রিল আদালতে হাজির হননি রাহী। বাদীপক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বুধবার সকালে ডেমরা থানা এলাকা থেকে রাহীকে গ্রেপ্তার করে পুলিশ। লালবাগ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। রাহীর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট ইশতিয়াক শাহরিয়ার। তিনি বলেন, ‘প্রেম করে তারা বিয়ে করে। ৩০ লাখ টাকা দেন মোহর ধার্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মনোমালিন্যের জন্য পুস্পিতা বাসা থেকে চলে আসে। মনোমালিন্যর জন্য মামলা দায়ের করেছে। এখন তারা সংসার করতে চান। আপসের শর্তে আগামী ৯ জুন পর্যন্ত জামিন প্রার্থনা করছি। এই সময়ের মধ্যে আপস না হলে আদালত পরবর্তী পদক্ষেপ নেবেন। শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, গেল বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেন মোহর ধার্যে রাহী ও পুস্পিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর থেকে যৌতুকের জন্য রাহী পুস্পিতাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল। গত ২২ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে ৫০ লাখ টাকা যৌতুকের জন্য পুস্পিতাকে নির্যাতন করে। ৯৯৯-এ ফোন দেয় পুস্পিতা। তারা তাকে জিডি করতে বলে। ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় জিডি করেন পুস্পিতা।
গত ১ মার্চ রাত ৮ টার দিকে লালবাগ হোস্টেলের সামনে পুস্পিতাকে দেখা করতে বলে রাহী। গাড়ি কিনবে এজন্য সে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা না দিলে তাকে বিবাহ বিচ্ছেদের হুমকি দেয় রাহী।


