আইন ও আদালত

মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ডে

জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ এলাকায় বিপ্লব শেখ হত্যা মামলায় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীরতিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৪ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

‎রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গত ২৩ মার্চ মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরদিন এ মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর গত ২৯ মার্চ দ্বিতীয় দফায় ৬ দিন এবং ৪ এপ্রিল তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ৭ এপ্রিল জুলাই আন্দোলনকাল দেলোয়ার হোসেন হত্যা মামলায় চার দিনের ও গত ১১ এপ্রিল চার দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

‎পরবর্তীতে গত ২৭ এপ্রিল তিন দিনের রিমান্ড এবং ৩০ এপ্রিল আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন। ‎আর রিমান্ড হওয়া বিপ্লব শেখ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের এসআই হাবিব উল্যাহ্।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করে বলেন,‘তিনি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ছিলেন। এরচেয়ে বড় পরিচয় তিনি এক এগারোর একজন কুশীলব। বিপ্লব শেখ হত্যা মামলায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর প্রার্থণা করছি।‎এসময় বিচারক মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে জানতে চান, এমপি ছিলেন। মাসুদ উদ্দিন চৌধুরী বলেন,‘হ্যা।’

‎নিজে কিছু বলতে চান না বিচারক জানতে চান মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে। তখন মাসুদ উদ্দিন চৌধুরী বলেন,‘একই দিনের একই সময় আরেক মামলায় ১৫ দিনের রিমান্ডে ছিলাম। একদিনে একই সময়ে কিভাবে দুই হত্যায় নেতৃত্বে ছিলাম। ‎তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বলেন,‘ঘটনা ভিন্ন। একেকজন একেকভাবে হত্যায় জড়িত।’

‎পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। আদেশ শুনে বিচারককে ধন্যবাদ দেন মাসুদ উদ্দিন চৌধুরী। এরপর রিমান্ড বিষয়ে শুনানি করতে মাসুদ উদ্দিন চৌধুরীকে নেওয়া হয় আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে।

‎মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে তার আইনজীবী উম্মে হাবিবা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন। তিনি বলেন,‘তিনি একজন সাবেক সংসদ সদস্য। অন্যান্য মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। তিনি অসুস্থ হয়ে পড়ে। ৭০ উর্দ্ধো বয়স্ক একজন মানুষ। এজাহার, এফআইআর এ তার নাম নাই। রিমান্ড বাতিল করে তার জামিন প্রার্থণা করছি।’ এসময় আদালতের কাছে কথা বলার অনুমতি চান মাসুদ উদ্দিন চৌধুরী। তবে কথা বলার অনুমতি পাননি তিনি। আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।

‎বিপ্লব শেখ হত্যা মামলার বিবরণ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর আজমল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার সাথে একাত্মতা পোষণ করে মিছিলে অংশ নেন। সেখানে একদল সশস্ত্র সন্ত্রাসী আন্দোলন দমনের লক্ষ্যে মিছিলে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। বিপ্লবের গলায় ও কোমরে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গেল বছরের ১ জুলাই মিরপুর মডেল থানায় বিপ্লব শেখের বাবা পারভেজ শেখ হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও সংবাদ