রাজধানীশীর্ষ নিউজ

রাজধানী মিরপুরের ৬০ ফিট সংযোগ সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত

স্টাফ রিপোর্টার : রাজধানী মিরপুরের বহুল প্রতীক্ষিত ৬০ ফিট সংযোগ সড়ক নির্মাণ শেষে সর্বসাধারণের যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গতকাল বুধবার (১৭ ডিসেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর মিরপুরে এ উপলক্ষ্যে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

এই বিভাগের আরও সংবাদ

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ

সভাপতির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক বলেন, এই শহরের গত ১৫, ২০ কিংবা ৩০ বছরের যেসব কাজ ঝুলে আছে, সেগুলো একে একে সমাধানের চেষ্টা করা হচ্ছে। ৬০ ফিট সংযোগ সড়কের কাজটি দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে ছিল। এই সড়কের সঙ্গে সরকারের একাধিক দফতর জড়িত থাকায় কাজটি বাস্তবায়ন করা কঠিন ছিল। তবে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে মাত্র দুই মাসের মধ্যে নগরবাসীর জন্য সড়কটি খুলে দেওয়া সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার বক্তব্যে বলেন, এই সড়কটির একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। তা হলো— সরকারের সব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি একসঙ্গে কাজ করে, তাহলে নগরকে এখনো বাসযোগ্য করে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, নগরবাসীকে দৈনন্দিন হয়রানি থেকে মুক্ত করতে পারলেই সবার জন্য একটি ন্যায্য নগর গড়ে তোলা যাবে।

ডিএনসিসি সূত্র এবং বক্তারা আরো জানান, মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘবে ডিএনসিসি ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করতে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নামে সিটি জরিপে রেকর্ডকৃত ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ডাকবিভাগের জমি অধিগ্রহণ করা হয়। এই সমস্যার স্থায়ী সমাধানে ডিএনসিসি বাম পাশ দিয়ে একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করে। সড়কটি মিরপুর-২ পোস্ট অফিসের পাশ দিয়ে মিরপুরের মূল সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে ৬০ ফিট সড়ক থেকে আসা যানবাহন একমুখী লেনে সরাসরি মিরপুরের প্রধান সড়কে প্রবেশ করতে পারবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ অক্টোবর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ১৭ বছর বন্ধ থাকার পর ৬০ ফিট সংযোগ সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন।
আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার থেকে শুরু হওয়া ৬০ ফিট সড়কটি এতদিন মিরপুর-১০ থেকে মিরপুর-২ নম্বরগামী প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। এতে যানবাহনকে ডানদিকে একটি সরু পথে মোড় নিতে হতো। দুই দিকের যান চলাচলের কারণে সেখানে সারাদিন তীব্র যানজট লেগে থাকত।

এই বিভাগের আরও সংবাদ