চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের কঠোর নজরদারির আওতায় আনা হবে: ইসি সচিব


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ওপর আরও কঠোর নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা রোধে গঠন করা হবে বিশেষ সাইবার সিকিউরিটি মনিটরিং সেল।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকের বৈঠকই আমাদের চূড়ান্ত বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাঠপর্যায়ে বাহিনীকে নির্দেশনা দেবে, আর ইসি এখান থেকে সার্বিক মনিটরিং করবে।’
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদার করতে সাইবার সিকিউরিটি মনিটরিং সেল সক্রিয় থাকবে এবং এনটিএমসির অ্যাপ ব্যবহার করে অনলাইন অপপ্রচার ও সহিংসতা উসকানির তথ্য পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, তিনটি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম ও সেন্টাল রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম কতটি কেন্দ্র পর্যবেক্ষণ করবে তা ঠিক করবে আইনশৃঙ্খলা বাহিনী। চিহ্নিত সন্ত্রীসের আরও নজরদারি আওতায় আনা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অন্যান্য নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
ইসি বলছে, কঠোর নজরদারি ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।



