Uncategorized

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান এবার হত্যা মামলায় গ্রেপ্তার

‘বংশ মর্যাদাসম্পন্ন’ গরু ও ১৫ লাখ টাকার ছাগল বিক্রির ঘটনায় আলোচনায় আসা সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে এবার রাজধানীর মোহাম্মদপুরে একজন অটোরিকশাচালককে হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মানিলন্ডারিং মামলায় আগে থেকেই গ্রেপ্তার থাকা ইমরান হোসেনকে সোমবার আদালতে হাজির করা হয়। এরপর জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত অটোরিকশাচালক মো. রনির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার এসআই নাজমুল ইসলাম। বিচারক আবেদন মঞ্জুর করেন এবং ইমরানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হত্যা মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন মো. রনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত রনির মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে চলতি বছরের ৩ মার্চ মানিলন্ডারিং মামলায় ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত বছর ঈদুল আজহাকে ঘিরে সাদিক অ্যাগ্রোর পশুর হাট নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রতিষ্ঠানটি দাবি করে, তারা ‘বংশ মর্যাদাসম্পন্ন’ গরু ও ছাগল বিক্রি করছে—যার মধ্যে একেকটির দাম কোটি টাকা পর্যন্ত হাঁকা হয়। বিশেষ করে ১৫ লাখ টাকার একটি ছাগল নিয়ে ব্যাপক আলোচনা হয়।

পরে ওই ছাগল ১২ লাখ টাকায় কেনার চুক্তি করেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। এর জেরে ইফাতের বাবা, জাতীয় রাজস্ব বোর্ডের তৎকালীন সদস্য মতিউর রহমানের সম্পদের খোঁজ নিয়ে অনুসন্ধান শুরু হয় এবং পরবর্তীতে বিভিন্ন অনিয়মের খবর উঠে আসে গণমাধ্যমে।

সেই সময় থেকেই আলোচনায় থাকা সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন এখন একাধিক মামলায় কারাগারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে আরও অভিযোগের তদন্ত চলছে।

এই বিভাগের আরও সংবাদ