পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে হেরোইনসহ যুবদল নেতা আটক


আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা সংবাদদাতাঃ পঞ্চগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩ গ্রাম হিরোইন, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি মোবাইল ফোনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পঞ্চগড় পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মাইনুল ইসলামও রয়েছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিন ৬৬ পদাতিক ডিভিশনের সৈয়দপুর সেনানিবাসের ২২২ ব্রিগেডের ২৯ বীর ব্যাটেলিয়নের পঞ্চগড় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন (প্রীমন) এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, রামের ডাঙ্গার মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়িতে দীর্ঘদিন ধরে হিরোইন কেনা-বেচা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ৩ গ্রাম হিরোইন সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৫০), পঞ্চগড় পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মইনুল ইসলাম (৪৩) এবং নুর ইসলাম রতন কে (৪০)।
অভিযানে জব্দ করা হয় মাদক বিক্রি নগদ ৫৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন। জব্দ হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। পরে গ্রেফতারকৃতদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।





