পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে জাল ডলার চক্রের ৬ সদস্য আটক


আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা সংবাদদাতাঃ পঞ্চগড়ে সেনাবাহিনীর গোঁপন অভিযানে জাল ডলার চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার জাল মার্কিন ডলার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ডলারের বাজার মূল্য বাংলাদেশী টাকায় প্রায় ৯৭ লাখ ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরা ডাঙ্গা ইউনিয়নের বাগদাহ দিলাল পাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে, আনোয়ার হোসেন ডিপজল (৪২), একই গ্রামের মইনুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে, সোহেল ইসলাম (৩৪), ওই গ্রামেরই মৃত প্রভাতের ছেলে রমেশ চন্দ্র বর্মন (৩৫), পীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মৃত হামিদুল হকের ছেলে ও সাবেক মেম্বার মোজাম্মেল হক (৫৫), এবং পঞ্চগড় পৌরসভার ইসলামবাগের সুলতান আলীর ছেলে হোসেন আলী বাবু (৩৬)।
সেনাবাহিনী জানায়, পঞ্চগড় আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চৌরঙ্গী মোড় থেকে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী শহরের সিনেমা হল রোড ও দেবীগঞ্জ অভিযান চালিয়ে বাকিদের গ্রেফতার করা হয়। অভিযানে একটি মোটরসাইকেল, মাদক সেবনের আলামত ও মোবাইল ফোন জব্দ করা হয়।
সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্প কমান্ডার, মেজর মেহেদী পিয়াস জয় বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে জালমুদ্রা তৈরিত সঙ্গে জড়িত ছিল এবং তা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাইরে পাচারের পরিকল্পনায় ছিল। আটকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, জাল ডলার ও জব্দকৃত মালামাল সহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হবে আসামিদের।





