বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহে গর্ভবতী মা ও শিশুর পুষ্টি সচেতনতা জোরদার করার আহ্বান


আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা রিসোর্স পারসন ডা. লুৎফুল কবীর বলেন, “গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতন করে তোলাই আমাদের প্রধান চ্যালেঞ্জ। মাতৃ-পুষ্টি ও পারিবারিক সুষম খাবারের মধ্যেই নিহিত রয়েছে আমাদের সামাজিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং ভবিষ্যৎ প্রজন্মের মেধাভিত্তিক গড়ে ওঠার দৃঢ়তা।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জাহিদ হাসান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড (এনজিও) কর্মকর্তা মালেকা বেগম, উপজেলা হেলথ ইনস্পেক্টর গোলাম রহমান প্রমুখ।
বক্তারা মাতৃ-পুষ্টি, শিশু পুষ্টি ও প্রবীণদের পুষ্টি সচেতনতায় তথ্য-উপাত্তসহ বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের গর্ভবতী নারী, বয়োবৃদ্ধ প্রবীণ ও বিভিন্ন বয়সী নারী-পুরুষ এসময় উপস্থিত ছিলেন।





