সাহিত্য ও সংস্কৃতি

শ্রমিক

শ্রমিক
সুদীপ চন্দ্র হালদার
উঁচু মগডালে পাখি খোঁজে হিমেল ছায়া,
লালা ঝরিয়ে বাগানে নেয় আশ্রয় কুকুর ছানা,
বনের রাজা সিংহও নেমে পড়ে জলে এই গ্রীষ্মে,
তবুও, আমার দু’হাত ভাঙ্গে ইট, আমিই শ্রমিক!
তুমি দেখো ঐ বড্ড উঁচু ইমারত,
দেখো না আমার কালিমাখা হাত!
তুমি দেখো বিদ্যুতের বাতির ঝলকানি,
দেখো না কয়লা খনিতে আমার ঝুঁকি!
তুমি দেখো রিকশাওয়ালার পয়সার বাড়াবাড়ি,
দেখো না রক্তবিন্দু ঘাম হয়ে ঝরা আমার শরীরখানি!
তুমি দেখো বাসে-ট্রেনে ক্যানভাসারের বুলি,
দেখো না সংসারের ঘানি টানতে গিয়ে আমার পোড়া হৃদয়খানি!
তুমি দেখো ঝুড়ি মাথায় নারীর পাগলাটে রূপ,
দেখো না বৈষম্যের পাহাড় আমার পারিশ্রমিক-বেতনে!
তুমি দেখো চাকুরীহীন গৃহিণীর নিষ্কর্মা মুখ,
দেখো না আমার দিন-রাত্রির অমানুষিক দুখ!
তুমি দেখো সভ্যতার জৌলুসময় ঝনঝনানি,
দেখো না তিলে তিলে দেয়া আমার প্রাণবিন্দুখানি!
খোলো চক্ষু-দেখো চর্তুদিক-জাগাও বিবেক,
তোমারই ঐশ্বর্যে আমার শ্রম, জেনে নিও আজি!

এই বিভাগের আরও সংবাদ