কিশোরগঞ্জ

কটিয়াদীতে ভিমরুলের কামড়ে আহত ২০

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ভিমরুলের কামড়ে নারী, পুরুষ, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। ব্যথায় কাতর হয়ে আহতরা চিকিৎসা নিতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন।

শনিবার বিকালে হঠাৎ দমকা হাওয়া শুরু হলে উপজেলার ভিন্ন ভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ৩টার দিকে হঠাৎ দমকা হাওয়া শুরু হয় উপজেলার সর্বত্রই। বিভিন্ন গাছের ডালে এবং জঙ্গলে থাকা ভিমরুলের বাসায় এর প্রভাব পড়ে।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় অস্থির হয়ে ভিমরুল এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে এবং ক্ষিপ্ত হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করেছে। ব্যথায় কাতর হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামের হাবিবুর রহমান শাহাবুদ্দিন, রুবেল।

আহত শাহাবুদ্দিন জানান, জমিতে কাজ করার সময় হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। গাছ-গাছালির নিচ দিয়ে বাড়ি ফেরার সময় ভিমরুলের আক্রমণের শিকার হই। প্রচণ্ড ব্যথা শুরু হলে চিকিৎসা নিতে হাস্পাতালে আসি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক খাদেমুল ইসলাম জানান, ভিমরুলের কামড়ে আহত হয়ে অনেক রোগী চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ