সিলেটে বজ্রপাতে প্রাণ গেলো চার জনের

তাওহীদুল ইসলাম, সিলেট থেকে: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে প্রাণ গেলো চার জনের। শনিবার (২১ সেপ্টেম্বর) ভিন্ন ভিন্ন সময়ে, পৃথক স্থানে এই ঘটনা ঘটে।
কানাইঘাটের নিহত দুইজন হলেন উপজেলার ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেউটিহাওর গ্রামের আব্দুল মজিদের ছেলে আসুক (৩৫) ও কানাইঘাট পৌরসভার উত্তর দলইরমাটি গ্রামের তুতা মিয়ার ছেলে নূর উদ্দিন (৫৮)। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরীন।
জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে কেউটিহাওর গ্রামে আসুক(৩৫) তার বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। একই দিন বিকাল ৩ টার দিকে উপজেলার উত্তর দলইরমাটি গ্রামের নূর উদ্দিন (৫৮) বাড়ির পাশে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান।
এদিকে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫) বজ্রপাতে মারা যান।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৃথক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।





