নীলফামারী

নীলফামারীতে ‘শহীদি মার্চ’ পালনে শিক্ষার্থীরা

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি:ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি এবং শহীদদের স্মৃতি ধারণ করে ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ নিয়ে সেটি শহরের পৌর মার্কেট হয়ে বড় বাজার পর্যন্ত গিয়ে আবারো শহীদ মিনারে এসে শেষ হয়।

এসময় ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দেন উপস্থিত ছাত্র-জনতা। এছাড়া শহীদের রক্তের অর্জনকে বৃথা যেতে না দেওয়ার স্লোগানও দেওয়া হয়। তারা আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; আমাদের শহীদেরা, আমাদের শক্তি; ২৪ আমাদের বিশ্বাসসহ একাধিক স্লোগান দেন।

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিটের নীরাবতা ও দোয়া করেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত জুলাইয়ের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনের এক পর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

এই বিভাগের আরও সংবাদ