কটিয়াদীতে শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের জিদনী আক্তার (১১) নামে এক শিশুকে ঢাকায় নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন করেছে তারা৷
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে গৃহকর্মী জিদনী আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে উপজেলার মুমুরদিয়া চাতল গ্রামের এলাকাবাসী ও চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
কটিয়াদী-মানিকখালী সড়কের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলা উদ্দিন সাবেরী, ৬নং ওয়ার্ড মেম্বার শাহাবুদ্দিন, ৫নং ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমান টিপু, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেমায়েত উল্লাহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ইব্রাহিম, হানিফ শেখ, কলিম উদ্দিন, আনার মিয়া, মাহফুজ, অনিক, মোস্তাফিজ, টিটু, রুহুল আমিন, জুয়েল, মহিউদ্দিন খাঁ প্রমুখ।
বক্তাগণ বলেন, জিদনীকে পরিকল্পিতভাবে হত্যার আজ ১০-১২দিন হয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয় নাই। আমরা অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।





