শাহজাদপুরে গভীর রাতে শিশুকে জিম্মি করে দূর্ধর্ষ ডাকাতি


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে মা বাবার সামনে তাদের শিশু সন্তানকে জিম্মি করে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা টাকা, গহনা, মোবাইল ফোনসহ আনুমানিক ৭ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।
মঙ্গলবার (২রা জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদীঘর গ্রামের মৃত মতিয়ার রহমান মাষ্টারের দুই ছেলে মুস্তাফিজুর রহমান (বাবুল) এবং পলাশ আহমেদের বাড়িতে ডাকাতির এ ঘটনাটি ঘটেছে।
ঘটনার বিবরণ দিয়ে মুস্তাফিজুর রহমান (বাবুল) জানান, “রাত দুইটার দিকে হাফ প্যান্ট পরিহিত মুখোশধারী ১০/১১ জন ডাকাত আমার বাসার গেটের তালা ভেঙ্গে বেডরুমে ঢুকে আমার শিশু সন্তান আরাফাত রহমান (৯) এর গলায় ছুরি ধরে আমাদের জিম্মি করে টাকা, গহনা, মোবাইল ফোনসহ আনুমানিক ৭ লক্ষ টাকার মালামাল হাতিয়ে নেয়।”
বাবুলের ছোটভাই পলাশ আহমেদ জানান, “রাত দুইটার দিকে আমার ছয়মাস বয়সী শিশুকন্যা আরবী’র দুধের ফিডার পরিস্কার করার জন্য বাইরে গেলে হঠাৎ করে হাফ প্যান্ট পরিহিত মুখোশধারী ৫/৬ আমাকে ঝাপটে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে তাদের একজন ঘরে ঢুকে আমার ছোট্ট শিশুর গলায় ছুরি ধরে আমাদের জিম্মি করে রাখে। পরে ডাকাতেরা আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে চুপচাপ থাকতে বলে বেড়িয়ে যায়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ঐদিন রাতে প্রায় একই সময়ে হলদীঘর গ্রামের আব্দুল খালেক ফকিরের বাড়িতে ঘরের টিনের বেড়া কেটে দরজার খিলখুলে কে বা কারা ৪০/৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
উল্লেখ্য, এঘটনার একদিন আগে রবিবার রাতে একই গ্রামের আলহাজ্ব রমজান মাষ্টারের ছেলে লিটনের বাড়িতে অপর একটি ডাকাতির ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সবুজ রানা জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে বাবুল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপরাধীদের ধরতে এবং মালামাল উদ্ধারে আমরা কাজ শুরু করেছি।





