ভোলার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি, ৩০ জেলে জীবিত উদ্ধার

ইয়ামিন হোসেন: ভোলার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় ৩০ জন জেলে নিয়ে একটি ফিশিং বোট (ট্রলার) ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জেলেদের জীবিত উদ্ধার করা হয়েছে। এতে ট্রলার উদ্ধার করা যায়নি।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। শিবপুর ঘাটের মাছ ব্যবসায়ী আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকার জেলে মহিউদ্দিন মাঝির নেতৃত্বে ৩০ জন জেলে একটি ফিশিং বোট নিয়ে তুলাতুলি এলাকার মেঘনা নদীর চর থেকে মাছ শিকার করে আসার পথে। মাঝনদীতে একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তাদের ফিশিং বোটটি ডুবে যায়। পরে ফিশিং বোটে থাকা জেলেদের চিৎকার-চেঁচামেচিতে পাশে থাকা কালাম মাঝির নৌকার জেলেরা ছুটে এসে সবাইকে জীবিত উদ্ধার করেন।
ট্রলারের মাঝি মহিউদ্দিন জানান, আমি গরীব মানুষ, ভাড়া নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছি। মাছ শিকার করে আসার পথে এ ঘটনা ঘটে। মাছ ও ট্রলারসহ প্রায় তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।





