আইন ও আদালত

আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ আটজনের বিরুদ্ধে মনিন্দ্র মোহন সরকার নামে একজন সাক্ষ্য দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল বিন আতিকের আদালতে সাক্ষ্য দেন তিনি। এ নিয়ে মামলাটিতে ৩৮ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য শেষ হলো। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

এই বিভাগের আরও সংবাদ

এ মামলার আসামিরা হলেন- মো. রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মো. মিজান শেখ, আতিক হাছান ওরফে দিলু শেখ, সুরাইয়া ওরফে কেয়া, মো. সারোয়ার হোসেন ওরফে ছারোয়ার হোসেন ও মো. রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদি।

এর মধ্যে রবিউল ইসলাম ও সুরাইয়া আক্তার কেয়া পলাতক। কারাগারে থাকা বাকি ছয় আসামি সাক্ষ্যগ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন। পলাতক রবিউল ইসলামই দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান।

অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আন্নাফী ও মাইশা জামিনে আছেন। তাদের বিচার শিশু আদালতে চলছে।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৯ মে অস্ত্র আইনের মামলায় আরাভ খানকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ