ময়মনসিংহ
বিএনপি’র বিভাগীয় সমাবেশ সফল করতে ঈশ্বরগঞ্জ ছেড়েছে আড়াই হাজার নেতাকর্মী


মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ বিএনপি’র বিভাগীয় সমাবেশে যোগ দিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে বিএনপির আড়াই হাজার নেতাকর্মী সড়ক, রেল ও নৌপথে যাত্রা করেছেন।
শনিবার (১৫ অক্টোবর) ভোর থেকে সমাবেশ সফল করতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ময়মননিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে তারা রওনা হন।
এর আগে শুক্রবার রাতে যান চলাচল বন্ধ হওয়ার আগেই অনেক নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হন। শনিবার সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশ সফল করতে যোগদান করেন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।





