রাজধানী

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৬ জনকে পুলিশে সোপর্দ

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে কলেজের উত্তর হল ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করেন শিক্ষার্থীরা।

আটক ব্যক্তিরা হলেন- আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) ও শিখন হোসেন (১৭)।

আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাদের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ থাকলেও এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করা হবে।

এ ঘটনায় ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ জানান, শিক্ষার্থীদের আটক করা ছয়জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করবে। তবে আটক ব্যক্তিদের কাছ থেকে আর কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

উপাধ্যক্ষ আরও জানান, আটক ছয়জনের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া কয়েকজন ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে শিখন নামে একজন রয়েছেন, যাকে এর আগে বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে অতীতের একটি ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় যারা জড়িত, তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে, ঘটনার বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, শুক্রবার রাতে ঢাকা কলেজে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনার পর হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ