খুলনা

দাকোপে ২৪টি জীবিত কচ্ছপসহ একজন গ্রেফতার

খুলনার দাকোপ উপজেলায় অভিযান চালিয়ে ২৪টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেবদাস মোড়ল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানা পুলিশের একটি দল উপজেলার সাহেবের আবাদ গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের মৃত রণজিতের ছেলে দিপংকরের বন্ধ মুদি দোকানের সামনের পাকা রাস্তা থেকে দেবদাস মোড়লকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছে থাকা নাইলনের বাজারের ব্যাগের ভেতর চটের বস্তায় রাখা ছোট-বড় ২৪টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত এসব কচ্ছপের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত দেবদাস মোড়ল সাহেবের আবাদ গ্রামের লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তিনি মৃত অবনী মোড়ল ও মীরা মোড়লের ছেলে।

এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর আওতায় দাকোপ থানায় মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ