ময়মনসিংহ

নান্দাইলে রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে  শীতবস্ত্র বিতরণ

এইচএম সাইফুল্লাহ, স্টাফ রিপোর্টার: ঝিরিঝিরি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে শীতের কষ্টে থাকা দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন নান্দাইলের রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর গ্রামের দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে মৌলভীবাড়ি মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার সকালে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি সুফিয়া বেগমের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

শীতের আগমনে নিম্নআয়ের মানুষ, অসহায় পরিবার ও শিশুদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে প্রতি বছর রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তার আয়োজন করা হয়। এবারের কর্মসূচিতে শেরপুর গ্রামের দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের পাশাপাশি মৌলভীবাড়ি মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও শীতবস্ত্র পেয়ে উপকৃত হয়। বৃষ্টিভেজা সকালে শীতবস্ত্র ও কম্বল হাতে পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়। বিশেষ করে অসহায় পরিবার ও শিশু শিক্ষার্থীদের শীত নিবারণে এ উদ্যোগ মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শহিদুল ইসলাম, সলিমুল্লাহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক পারভিন সুলতানা, বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, মোস্তাকিম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি সুফিয়া বেগম বলেন, “নিম্নআয়ের মানুষ, অসহায় পরিবার ও শিশুদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের এ ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে মানুষের কিছুটা উপকার হলেও সেটাই আমাদের সার্থকতা।” সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও অসহায় মানুষের কল্যাণে রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। স্থানীয়দের মতে, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এ মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

এই বিভাগের আরও সংবাদ