কৃষকদলের নেতা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ


কুষ্টিয়া প্রতিনিধিঃ দেশের পৃথক স্থানে কৃষকদলের দুই নেতা হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কুষ্টিয়ায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা ও নড়াইলের কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া জেলা শাখা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল ও আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শফি উদ্দিন, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে তাঁরা মূল বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিল চলাকালে নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁদের স্লোগানের মধ্যে ছিল, ‘আপা আপা করিস না, আপা আর আসবে না’ এবং ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’।
সমাবেশ থেকে রাজু মোল্লা ও শাহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।
এসময় ইঞ্জিনিয়ার জাকির সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ কর্তৃক সারাদেশে যে ধরনের বর্বরচিত, অগ্নিসংযোগ এবং সারাদেশে যেভাবে চোরাগোপ্তা হামলা হচ্ছে আমরা কুষ্টিয়া থেকে এর প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, সামনে ডিসেম্বর মাসে তথাকথিত সন্ত্রাসী নেত্রী, এই বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে, এই সন্ত্রাসী সংগঠন কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে বিভিন্ন ভাবে চোরাগোপ্তা হামলা করে যাচ্ছে এবং তাদের নেতারা এ দেশের মানুষের অর্থ লুটপাট করে বিদেশে পালিয়ে গিয়েছে, তারা বিভিন্নভাবে তাদের শিষ্যদের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে। যারা চোরাগোপ্তা হামলা চালিয়ে যাচ্ছে, তারা যদি এই হামলা থেকে বিরত না হয়, তাহলে গত ২০২৪ সালের ৫ আগষ্টের থেকেও দেশের মানুষ ভয়ংকরভাবে রাজপথে নেমে আসবে এবং আপনারা আবারো পালিয়ে যেতে বাধ্য থাকবেন। এখনো সময় আছে আপনারা সাবধান হয়ে যান, না হলে এ দেশের মানুষকে সাথে নিয়ে আবারো রাজপথে নেমে আপনাদের সমুচিত জবাব দেওয়া হবে।
কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন বলেন, রাজু মোল্লা ও শাহিন ছিলেন দলের নিবেদিতপ্রাণ। তাঁদের হত্যাকাণ্ডে কৃষকদলের নেতা-কর্মীরা গভীরভাবে মর্মাহত। এ ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা কৃষকদলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, দেশের রাজনৈতিক পরিবেশে সহিংসতা ও হত্যার কোনো স্থান থাকতে পারে না। রাজু মোল্লা ও শাহিন হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।





