১৩ বছরের অপেক্ষার অবসান, মুক্তি পেল জিটিএ ৬


দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষা। অবশেষে বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেল ভিডিও গেমের দুনিয়ায় ঝড় তোলা ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬ (GTA 6)। ২০১৩ সালে শেষবার এসেছিল জিটিএ ৫। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ‘জিটিএ ৬-এর আগে এটাও হয়ে গেল’ গোছের মিমের বন্যা। সেই সব রসিকতায় এবার ইতি। প্লে-স্টেশন ৫ (PlayStation 5) এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস-এ (Xbox Series X/S) খেলা যাচ্ছে রকস্টার গেমসের (Rockstar Games) এই বহুল প্রতীক্ষিত নতুন সংস্করণ।
মুক্তির আগেই বিনোদন জগতের সমস্ত পুরনো বিক্রির নজির ভেঙে চুরমার। বিশ্বজুড়ে প্রি-অর্ডারেই ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে এই গেমের আয়। জিটিএ ৫-এর এই মাইলফলক ছুঁতে লেগেছিল তিন দিন। এখনও পর্যন্ত গোটা জিটিএ ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয়েছে ৪৭ কোটির বেশি, যার মধ্যে ২৩ কোটিরও বেশি শুধু জিটিএ ৫। ১৯৯৭ সালে প্রথম সংস্করণে স্যামুয়েল এল জ্যাকসন, বার্ট রেনল্ডস, ফিল কলিন্স বা রিকি গার্ভেসের মতো তারকাদের ক্যামিও ওপেন-ওয়ার্ল্ড গেমিংয়ের সংজ্ঞাই বদলে দিয়েছিল। আর রকস্টারের মূল সংস্থা টেক-টু ইন্টারেক্টিভের তথ্য অনুযায়ী, এবার প্রথম ট্রেলার ইউটিউবে ২৪ ঘণ্টায় ৯.৩ কোটি এবং দ্বিতীয় ট্রেলার সব প্ল্যাটফর্ম মিলিয়ে ৪৭.৫ কোটি ভিউ পেয়েছে।
ফিরে এল ভাইস সিটি
আগের বারের লস স্যান্টোসের বদলে এবার ফের মায়ামির আদলে তৈরি সেই চেনা ভাইস সিটি (Vice City)। কাল্পনিক ফ্লোরিডা অর্থাৎ লিওনিডা প্রদেশের অন্ধকার অপরাধ জগতে লড়াই দুই নতুন চরিত্র লুসিয়া ক্যামিনোস ও জেসন ডুভালের। রকস্টারের বর্ণনা অনুযায়ী, ‘একটি সহজ কাজ ভেস্তে যেতেই আমেরিকার সবচেয়ে রৌদ্রোজ্জ্বল জায়গার অন্ধকারতম দিকে ফেঁসে যায় জেসন ও লুসিয়া। প্রাণে বাঁচতে একে অপরের ওপর ভরসা করা ছাড়া উপায় নেই।’
গেম খেলতে অফিসে ছুটি!
জিটিএ ৬ জ্বরে কাবু কর্পোরেট দুনিয়াও। গেম মুক্তির দিন কর্মীদের সবেতন ছুটি দিয়েছে লজিটেক, জাপানের পকেটপেয়ার এবং আমেরিকার বার্গার মোটরস্পোর্টস। পিছিয়ে নেই ভারতও। কর্মীদের ছুটি দিয়েছে দেশীয় ইলেকট্রনিক্স সংস্থা বোট (boAt) এবং ইন্টিরিয়র ডিজাইন সংস্থা ইনডে (Inde)। বুধবার থেকেই দিল্লির ইমর্টাল গেমিং ক্যাফেতে গান, হুল্লোড় আর থিম টি-শার্টে জমে উঠেছে জেন-জিদের উৎসব। ক্যাফের মালিক জিতেশের কথায়, ‘গ্রাফিক্স, অ্যানিমেশন আর ডিটেলিং গেমিংয়ের অভিজ্ঞতাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। চাহিদা এতটাই যে সব স্লট বুকড।’ রক্ষ নামের এক গেমারের কথায়, ‘বিশ্বাসই হচ্ছে না গেমটা চলে এসেছে। জেসন আমার প্রিয় চরিত্র, ওর সব মিশন খেলার জন্য মুখিয়ে আছি।’





