ফেলনা জিনিসে খেলনা, আনন্দে শেখা- পঞ্চগড়ে ‘ঝাঁক অবকাশ’ -২০২৬


মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ চারদিকে রঙিন কাপড়ে ঘেরা, ওপরে টাঙানো সামিয়ানা। তার ভেতরে একঝাঁক হলদে পাখির কলকাকলি। তাদের নানা দিকনির্দেশনা দিচ্ছেন বৃক্ষ পাখিরা। কোমল হাতে ফেলনা জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে নানা ধরনের খেলনা। কেউ সুই-সুতা দিয়ে তৈরি করছে রুমাল। আবার কেউ শিখছে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে তোলার কৌশল, সামাজিক শিষ্টাচার এবং আহত হলে কীভাবে প্রাথমিক চিকিৎসা নিতে হয়। এভাবেই আনন্দ, শিক্ষা ও সৃজনশীলতার মধ্য দিয়ে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ঝাঁক অবকাশ-২০২৬’। বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন রংপুর অঞ্চলের আয়োজনে এ অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলা থেকে ১৪০ জন হলদে পাখি (শিক্ষার্থী) ও ৩৪ জন বৃক্ষ পাখি (শিক্ষক) অংশ নেন।

শিশুদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। সোমবার সকালে উদ্বোধনী দিনে পঞ্চগড় জেলার বাছাই করা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। ঝাঁক অবকাশের পাখিদের অংশগ্রহণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। পরে জাতীয় সংগীত ও বিশ্ব সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ আয়োজন।
দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এ আয়োজনের মাধ্যমে তারা নতুন বন্ধু তৈরি করা, সামাজিকভাবে মেলামেশা, অসুস্থ বা আহত হলে প্রাথমিক চিকিৎসা নেওয়া, ফেলনা জিনিসপত্র দিয়ে খেলনা তৈরি এবং কাপড় ও সুতা দিয়ে রুমাল তৈরিসহ নানা বিষয় শিখেছে। আনন্দের মধ্য দিয়ে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পেরে তারা উচ্ছ্বসিত।
বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন রংপুর অঞ্চলের প্রশিক্ষক সুমাইয়া তাবাসসুম বলেন, শিশুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি গার্ল গাইডিংয়ের আদর্শ ও মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করতেই এ আয়োজন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মেধা ও মননের বিকাশে ‘ঝাঁক অবকাশ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে তারা সামাজিকভাবে একে অপরের সঙ্গে মেলামেশা করতে শিখছে, নিজেরাই বিভিন্ন ধরনের খেলনা তৈরি করছে এবং আনন্দের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করছে। আমরা বিশ্বাস করি, এ মেয়েশিশুরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে।





