ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সুষম উন্নয়নে প্রয়োজন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ

উন্নয়নের জন্য প্রয়োজন প্রশাসনিক সমতা- একটি জেলার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন জেলার প্রতিটি অঞ্চলের মানুষ সমানভাবে সরকারি সেবা, উন্নয়ন বরাদ্দ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও প্রশাসনিক সুযোগ-সুবিধা লাভ করেন। উন্নয়ন কেবল বড় বড় অবকাঠামো নির্মাণ কিংবা নির্দিষ্ট কিছু এলাকায় সরকারি বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং প্রতিটি অঞ্চলের জন্য সমান সুযোগ সৃষ্টি।

বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদে স্থানীয় সরকার ব্যবস্থার সাংবিধানিক ভিত্তি রয়েছে। এই ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করার অন্যতম উপায় হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। প্রশাসনিক সেবা মানুষের কাছাকাছি পৌঁছে দিতে পারলে সরকারি কাজের সময়, অর্থ ও ভোগান্তি কমে এবং স্থানীয় সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয়।

এই বাস্তবতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে বিদ্যমান উপজেলা কাঠামো পুনর্মূল্যায়ন করে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, ইউনিয়নের সংখ্যা এবং নাগরিক সেবার চাহিদার ভিত্তিতে নতুন উপজেলা গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা সময়ের দাবি।

আমার প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা অক্ষুণ্ণ রেখে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি অঞ্চলে উন্নয়নের সমান সুযোগ নিশ্চিত করা।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্তমান প্রশাসনিক ও জনসংখ্যাগত চিত্র-
ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। অর্থনীতি, শিল্প, কৃষি, মৎস্য, প্রবাসী আয়, রেল ও সড়ক যোগাযোগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এ জেলার বিশেষ সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জেলা পরিসংখ্যান কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী:

সূচক পরিসংখ্যান :
জেলার আয়তন ১,৯২৭.০৯ বর্গকিলোমিটার।
জনসংখ্যা (জনশুমারি ২০২২) ৩৩,০৬,৫৫৯ জন।
উপজেলা : ৯টি।
ইউনিয়ন : ১০১টি।
পৌরসভা : ৫টি।
গ্রাম : ১,৩২৮টি।
জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,৭১৫ জন।
সংসদীয় আসন ৬টি।

এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, প্রায় ৩৩ লাখ মানুষের এই জেলায় মাত্র ৯টি উপজেলা ও ১০১টি ইউনিয়নের মাধ্যমে প্রশাসনিক সেবা পরিচালিত হচ্ছে। ফলে জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতার সঙ্গে প্রশাসনিক কাঠামোর সামঞ্জস্য কতটা রয়েছে, তা নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন।

উপজেলা ও জনসংখ্যার তুলনামূলক চিত্র-
(জনশুমারি -২০২২)
ব্রাহ্মণবাড়িয়া সদর- জনসংখ্যা- ৬,৬০,২১৩ জন, ইউনিয়ন-১১টি।
নবীনগর – জনসংখ্যা- ৫,৫৫,৮০৭ জন, ইউনিয়ন-২১টি।
সরাইল – জনসংখ্যা -৩,৬৪,৩৫২ জন, ইউনিয়ন -৯টি।
কসবা – জনসংখ্যা-৩,৫৭,৯৫৪ জন, ইউনিয়ন -১০টি।
নাসিরনগর – জনসংখ্যা-৩,৪৬,৭৫৭ জন, ইউনিয়ন -১৩টি।
বাঞ্ছারামপুর – জনসংখ্যা-৩,৩৫,১০২জন, ইউনিয়ন -১৩টি।
বিজয়নগর – জনসংখ্যা-২,৯০,৪২৪ জন, ইউনিয়ন-১০টি।
আশুগঞ্জ – জনসংখ্যা২,১০,৩৪৭জন, ইউনিয়ন- ৮টি।
আখাউড়া – জনসংখ্যা-১,৮৫,৮৫১জন, ইউনিয়ন-৬টি।
মোট জনসংখ্যা প্রায় ৩৩,০৬,৪০৭জন, ইউনিয়ন ১০১ টি ।
(জনসংখ্যার সংখ্যাটি কমবেশি হতে পারে)

এই তুলনামূলক চিত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় :

  • ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জনসংখ্যা প্রায় ৬ লাখ ৬০ হাজার।
  • নবীনগর উপজেলায় ২১টি ইউনিয়ন রয়েছে, যা জেলার মধ্যে সর্বাধিক।
  • আখাউড়া উপজেলায় জনসংখ্যা তুলনামূলক কম এবং ইউনিয়নের সংখ্যাও কম।
  • আশুগঞ্জ উপজেলার ভৌগোলিক আয়তন তুলনামূলক ছোট হলেও জনসংখ্যার ঘনত্ব বেশি।
  • বিভিন্ন উপজেলার জনসংখ্যা, ইউনিয়ন সংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতিতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
  • এ থেকে প্রতীয়মান হয় যে, সব উপজেলার প্রশাসনিক চাহিদা এক রকম নয়। তাই একই ধরনের প্রশাসনিক কাঠামো দিয়ে সব এলাকার মানুষের সমান সেবা নিশ্চিত করা কঠিন হতে পারে।

নির্বাচনী এলাকার সীমানা অক্ষুণ্ণ রেখে প্রশাসনিক পুনর্বিন্যাস-

জাতীয় সংসদের বিদ্যমান নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন না করেই প্রয়োজন অনুযায়ী উপজেলা পুনর্বিন্যাসের করা যেতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের বর্তমান কাঠামো হলো :

আসন বর্তমান অন্তর্ভুক্ত এলাকা-

  • ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর।
  • ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের চান্দুরা ও বুধন্তী।
  • ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর এবং বিজয়নগরের অবশিষ্ট অংশ।
  • ব্রাহ্মণবাড়িয়া-৪ আখাউড়া ও কসবা।
  • ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর।
  • ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর।

এই কাঠামো বিবেচনায় রেখে প্রশাসনিক পুনর্বিন্যাসের পরিকল্পনা করা উচিত। বিশেষ করে একটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ইউনিয়নগুলোকে অন্য সংসদীয় আসনে স্থানান্তর না করে নতুন প্রশাসনিক উপজেলা গঠনের সম্ভাবনা যাচাই করা যেতে পারে।

এর ফলে রাজনৈতিক প্রতিনিধিত্বের কাঠামো অক্ষুণ্ণ রেখেও প্রশাসনিক সেবা জনগণের আরও কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

নতুন উপজেলা গঠনের সম্ভাব্য ক্ষেত্র: প্রাথমিক মূল্যায়ন-
প্রাপ্ত জনসংখ্যা ও ইউনিয়নভিত্তিক তথ্যের আলোকে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং নবীনগর উপজেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস করা এখন সময়ের দাবি।

প্রথম অগ্রাধিকার: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা-

প্রায় ৬ লাখ ৬০ হাজার জনসংখ্যার সদর উপজেলা, জেলার অন্যতম জনবহুল প্রশাসনিক এলাকা। এর জনসংখ্যার চাপ, শহর ও গ্রামীণ এলাকার বিস্তৃতি, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক সেবার চাহিদা বিবেচনায় নিয়ে নতুন উপজেলা গঠন খুবই জরুরি।

এ ক্ষেত্রে সদর উপজেলাকে ২টি উপজেলায় রুপান্তরের মাধ্যমে উন্নয়নকে দ্বিগুণ করতে হবে।

দ্বিতীয় অগ্রাধিকার: নবীনগর উপজেলা-

নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন এবং প্রায় ৫ লাখ ৫৬ হাজার জনসংখ্যা প্রশাসনিক সক্ষমতার দিক থেকে বিশেষ মনোযোগ দাবি করে। বিস্তৃত ভৌগোলিক এলাকা, যাতায়াতের দূরত্ব এবং স্থানীয় মানুষের সরকারি সেবা গ্রহণের বাস্তবতা বিবেচনা করে উপজেলাটিকে প্রশাসনিকভাবে পুনর্বিন্যাস করা উচিত।

আখাউড়া-কসবা: সীমান্তভিত্তিক উন্নয়ন ও প্রশাসনিক সক্ষমতা-

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় এলাকা বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত, স্থলবন্দর, রেল যোগাযোগ ও আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান প্রশাসনিক কাঠামো অনুযায়ী কসবা উপজেলায় ১০টি এবং আখাউড়ায় ৬টি ইউনিয়ন রয়েছে। আখাউড়ার জনসংখ্যা তুলনামূলক কম হলেও এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি।

বিশেষ করে আখাউড়া স্থলবন্দর, আন্তর্জাতিক রেল যোগাযোগ, ইমিগ্রেশন, সীমান্ত বাণিজ্য এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্প্রসারণের বিষয় বিবেচনায় নিয়ে এখানে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।

কসবা ও আখাউড়ার বিদ্যমান উপজেলা কাঠামো অক্ষুণ্ণ রেখেও দুই উপজেলার মধ্যে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য ও সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব।

নতুন উপজেলা গঠনের ফলে জনগণের প্রত্যাশিত সুবিধা-
নতুন উপজেলা প্রতিষ্ঠা হলে এর উদ্দেশ্য শুধু একটি নতুন প্রশাসনিক ভবন নির্মাণ হওয়া নয় বরং একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক সেবা কাঠামো গড়ে তোলা হবে।

প্রশাসনিক সুবিধা-

  • উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রতিষ্ঠা।
  • ভূমি প্রশাসন ও নাগরিক সেবা সহজ করা।
  • স্থানীয় পর্যায়ে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানো।
  • সরকারি সেবা গ্রহণে যাতায়াতের সময় ও ব্যয় কমানো।

স্বাস্থ্যসেবা :

  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা বা সক্ষমতা বৃদ্ধি।
  • চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর পদায়ন।
  • মা ও শিশুস্বাস্থ্য এবং জরুরি চিকিৎসার উন্নয়ন।

শিক্ষা ও কর্মসংস্থান :

  • নতুন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের সুযোগ।
  • কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র।
  • যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন।

যোগাযোগ ও অবকাঠামো :

  • গ্রামীণ সড়ক ও সেতু উন্নয়ন।
  • হাট-বাজার ও স্থানীয় অর্থনৈতিক কেন্দ্রের আধুনিকায়ন।
  • পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সুবিধা সম্প্রসারণ।

স্থানীয় অর্থনীতি :

  • ব্যাংক ও আর্থিক সেবার সম্প্রসারণ।
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ।
  • কৃষি ও মৎস্যসম্পদের বাজারজাতকরণ।
  • নতুন কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টি।

উন্নয়নের অধিকার সবার, সুযোগও হতে হবে সবার জন্য-

একটি জেলার উন্নয়ন পরিমাপ করা উচিত শুধু তার মোট বাজেট, রাস্তাঘাট কিংবা বড় বড় স্থাপনা দিয়ে নয়; বরং সেই জেলার প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মানুষ কত সহজে চিকিৎসা পাচ্ছেন, একজন শিক্ষার্থী কতটা শিক্ষার সুযোগ পাচ্ছেন, একজন কৃষক কতটা সরকারি সহায়তা পাচ্ছেন এবং একজন নাগরিক কত সহজে প্রশাসনিক সেবা পাচ্ছেন, তার ভিত্তিতে।

ব্রাহ্মণবাড়িয়া একটি সম্ভাবনাময় জেলা। এই জেলার প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি গ্রামের নিজস্ব উন্নয়ন সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশাসনিক কাঠামো যদি জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে অনেক অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হতে পারেন।

তাই এখনই সময় প্রশাসনিক বিকেন্দ্রীকরণকে ব্রাহ্মণবাড়িয়ার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করার।

আমার বিশ্বাস, নির্বাচনী এলাকার সীমানা অক্ষুণ্ণ রেখে জনসংখ্যা, ইউনিয়ন ও ভৌগোলিক বাস্তবতার ভিত্তিতে উপজেলা পুনর্বিন্যাস এবং নতুন উপজেলা গঠনের উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

আমাদের লক্ষ্য কোনো একটি এলাকার প্রশাসনিক মর্যাদা বৃদ্ধি করা নয়; আমাদের লক্ষ্য হলো জেলার প্রতিটি অঞ্চলের মানুষের সমান অধিকার, সমান সুযোগ এবং উন্নয়নের সমান অংশীদারত্ব নিশ্চিত করা।

উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়। উন্নয়নের অধিকার ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি মানুষের।

আসুন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকার এবং সুষম উন্নয়নের মাধ্যমে এখনই একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করি।

লেখকঃ কবীর আহমেদ ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন সচেতন নাগরিক।

এই বিভাগের আরও সংবাদ