জাতীয়

প্রাথমিক স্তর থেকেই STEM শিক্ষা ও আনন্দময় শিখন নিশ্চিতের উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষাকে কেবল পাঠ্যবই ও পরীক্ষাকেন্দ্রিক না রেখে শিশুদের স্বাভাবিক কৌতূহল, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বিশ্লেষণী চিন্তার বিকাশের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইসের ক্রমবর্ধমান প্রভাবের এই সময়ে শিশুদের স্বাভাবিক কৌতূহল, সমালোচনামূলক চিন্তাশক্তি (Critical Thinking) এবং সামগ্রিক বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান দায়িত্ব। প্রাথমিক স্তর থেকেই STEM (Science, Technology, Engineering and Mathematics) শিক্ষার সমন্বিত প্রয়োগ, হাতে-কলমে শেখা এবং আনন্দময় শিখনের পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে।

আজ গণসাক্ষরতা অভিযান ও নেট্জ-বাংলাদেশের যৌথ আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনে ‘প্রাথমিক স্তরে STEM শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে অনেক শিশু অবসর ও সৃজনশীলতার সময় ডিজিটাল ডিভাইসে ব্যয় করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ফলে ভবিষ্যতের কর্মজগৎ ও দক্ষতার চাহিদায় বড় পরিবর্তন আসবে। অনেক প্রচলিত কাজের ধরন পরিবর্তিত হবে কিংবা কিছু কাজের প্রয়োজনীয়তা কমে আসবে। ফলে আগামী প্রজন্মকে প্রস্তুত করতে হলে প্রাথমিক স্তর থেকেই তাদের Critical Thinking, Analytical Ability, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু শেখার সক্ষমতা গড়ে তুলতে হবে। শুধু তথ্য জানা নয়, তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তৈরি করাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য।

শিক্ষকদের বেতন প্রসঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতনের তুলনামূলক আলোচনা করতে গিয়ে তিনি শিক্ষকদের বেতনকে পর্যাপ্ত বলেছেন,এমন ধারণা সঠিক নয়। তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল, শিক্ষকতা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ পেশা। আগামী প্রজন্মের জন্য সবচেয়ে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হলে শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, একজন কৃষক যেমন পরবর্তী মৌসুমের জন্য সেরা বীজ সংরক্ষণ করেন, তেমনি আগামী প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদেরও সবচেয়ে মেধাবী মানুষদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে হবে।

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, শিশুরা যেন শুধু উপস্থিতি নিশ্চিত করার জন্য নয়, বরং বিদ্যালয়ে নতুন কিছু শেখার আনন্দ ও আগ্রহ নিয়ে আসে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। এ লক্ষ্যে ইতোমধ্যে পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা (Learning-based Games) ডিজাইনের কাজ শুরু হয়েছে। শ্রেণি ও পাঠভিত্তিক এসব খেলার মাধ্যমে বাংলা, গণিত, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের পাঠকে শিশুদের কাছে আরও সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলা হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার পরিমার্জিত কারিকুলামে শুরু থেকে শেষ পর্যন্ত STEM শিক্ষার বিষয়টি সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষামূলক খেলনা (Learning Toys) ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যেমন প্রথম শ্রেণিতে যোগ-বিয়োগ শেখানো কিংবা তৃতীয় শ্রেণিতে পরিসীমা ও ক্ষেত্রফলের ধারণা দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত খেলনা ও উপকরণ ব্যবহার করা যেতে পারে। কোন শ্রেণির কোন অধ্যায়ে কী ধরনের খেলনা বা উপকরণ ব্যবহার করলে শিশুরা সহজে শিখতে পারবে, সে বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা করা হবে, যাতে স্থানীয়ভাবে মানসম্মত ও পাঠ্যক্রম উপযোগী শিক্ষাসামগ্রী তৈরি করা যায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও মূল্যবান মতামত প্রদান করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (প্রাথমিক) ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ প্রফেসর মো. নুরুন্নবী আলম এবং নেট্জ-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। সমাপনী বক্তব্যে তিনি উপস্থিত অতিথিবৃন্দ, গবেষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রাথমিক শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করে সব শিশুর জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী STEM শিক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় ও যৌথ অংশীদারিত্ব আরও জোরদার করার আহ্বান জানান। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরও সংবাদ