রাজনীতি

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান রাজ এবং সদস্য সচিব করা হয়েছে শরিফুল ইসলাম মিলনকে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটির দুই সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দুই সদস্যবিশিষ্ট এ আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে কমিটির আংশিক কাঠামো ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে এ কমিটির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

এর আগে সকালে আরেক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।

এই বিভাগের আরও সংবাদ