শ্রীমঙ্গলে জুলাই সমন্বয়ক হাসিবের ওপর সশস্ত্র হামলা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিব আল ইসলাম এক নারী সঙ্গীকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাতে দা নিয়ে এক ব্যক্তি তার পথরোধ করেন। তাকে ‘জঙ্গি হাসিব’ বলে গালিগালাজের পর দা দিয়ে হামলার চেষ্টা চালান। এ সময় দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন হাসিব।
স্থানীয় বালিশিরা ইকো রিসোর্টের কর্মকর্তা মাহমুদ আলী জানান, হাসিব গত ৭ নভেম্বর তাদের রিসোর্টে ওঠেন। আজ সকালে তারা রিসোর্ট থেকে চেকআউট করে চলে যান। ধারণা করা হচ্ছে, রিসোর্ট থেকে শ্রীমঙ্গল শহরে আসার পথে তিনি হামলার শিকার হয়ে থাকতে পারেন।
জানা গেছে, দুপুর ২টার দিকে তিনি শ্রীমঙ্গল ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হন।
এ বিষয়ে এনপিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রীতম দাস অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা হাবিবের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি হাসিবের ওপর হামলা চালিয়েছেন। এতে তিনি আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শ্রীমঙ্গল থানা পুলিশের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।



