খুলনা

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

খুলনা ব্যুরো : খুলনা নগরীর দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে লবণচরা থানাধীন কাশেমিয়া জামে মসজিদ থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক উক্ত এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন শহীদুলের মৃত্যুর বিষয়টি তরঙ্গ নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত যুবকের বিরুদ্ধে সাতটি মাদক ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করতেন। মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে আসতেন।

শনিবারও তিনি বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তি রাস্তার ওপর তাঁর মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মাহতাব উদ্দিনের ছেলে কলিন দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকালে তিনি বাড়িতে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বাড়িতে খবর দেন।

পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ